২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির প্রাণদণ্ড

আসামি জবানবন্দিতে নাবিলাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2025, 06:20 PM

Updated : 26 Aug 2026, 11:35 AM

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় এক আসামিকে মৃত্যদণ্ড দিয়েছে আদালত।

বুধবার কুমিল্লা জেলা নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর বিচারক নাজমুল হক শ্যামল সাত বছর আগের এ মামলার রায় ঘেষণা করেন।

আসামি মেহরাজ হোসেন তুষার সদর দক্ষিণ উপজেলার কুলিয়ারা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার আলী আশরাফের ছেলে।

সাজার পাশপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক। 

বাদী পক্ষের আইনজীবী মো. শরীফুল ইসলাম বলেন, ২০১৮ সালের ১৭ ডিসেম্বর চকলেটের লোভ দেখিয়ে চার শিশু নাবিলাকে ধর্ষণের পর হত্যা করে পাশের একটি নির্মাণাধীন বাড়ির কার্নিশে সিমেন্টের ব্যাগে মুড়িয়ে ফেলে রাখে প্রতিবেশী যুবক মেহেরাজ হোসেন। নাবিলা একই এলাকার কাতার প্রবাসী আবুল কালামের মেয়ে ছিলেন।

সেদিন নাবিলাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। পরদিন সকালে তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এ ঘটনায় নাবিলার দাদা আবদুল আজীজ বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে ১৪ দিন পর মেহরাজ হোসেন মেহেরাজকে গ্রেপ্তার করে।

রিমান্ড ছাড়াই মেহরাজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং তিনি ছাত্রলীগের নেতা ছিলেন বলে তার জবানবন্দিতে উল্লেখ করেছেন বলেও জানিয়েছেন অ্যাডভোকেট শরীফুল।

কুমিল্লা নারী ও শিশু ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন বলেন, ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক দীর্ঘ ৭ বছর পর আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আসামি মেহরাজ জবানবন্দিতে নাবিলাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। যে রায় হয়েছে, এতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা মনে করি।”  

হত্যাকাণ্ডের শিকার নাবিলার মা হালিমা আক্তার বলেন, “গত সাত বছর ধরে মেয়ে হত্যার বিচারের জন্য আমি আদালতে ঘুরেছি। অবশেষে আসামি মেহরাজের ফাঁসির আদেশ হয়েছে। আমি সন্তুষ্ট। কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই রায় কার্যকর চাই।” 

আদালতে আসামি মেহরাজের পাশে তার স্বজনদের কাউকে দেখা যায় নি। রায়ের পর পুলিশ তাকে পরে কারাগারে নিয়ে যায়।