২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির বিরুদ্ধে সংগ্রাম ঘর থেকে শুরু করব: নাহিদ ইসলাম

জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ‘জুলাই পদযাত্রা’য় অংশগ্রহণ করে পথসভায় তিনি এসব কথা বলেন।

চাঁদাবাজির বিরুদ্ধে সংগ্রাম ঘর থেকে শুরু করব: নাহিদ ইসলাম
জামালপুরে পথসভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 04:11 PM

Updated : 10 Sep 2026, 12:44 PM

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নিজের ঘর থেকেই চাঁদাবাজদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

তিনি বলেছেন, “বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে একটি চাঁদাবাজির অর্থনীতি গড়ে ওঠেছে। এই চাঁদাবাজির অর্থনীতির ভিতরেও দুঃখজনক হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীকে যুক্ত করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে, এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায়। 

“আমরা স্পষ্ট ভাষায় বলেছি, চাঁদাবাজি-সন্ত্রাসীর বিরুদ্ধে যে সংগ্রাম আমরা শুরু করেছি, সেই সংগ্রাম আমরা ঘরের ভিতর থেকে শুরু করব। আমরা এই কারণে, জাতীয় নাগরিক পার্টি ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্তির আহ্বান জানিয়েছিলাম।” 

সোমবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ‘জুলাই পদযাত্রা’য় অংশগ্রহণ করে পথসভায় তিনি এসব কথা বলেন। 

এ সময় এনসিপি আহ্বায়ক বলেন, “অনেকেই বলেন, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এই গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না। কোটা সংস্কার আন্দোলনকে গণঅভ্যুত্থানে না নিয়ে যেতাম, সরকার পতনের দিকে না নিয়ে যেতাম, তাহলে শেখ হাসিনা সরকারের অধীনে আরো চার বছর অপেক্ষা করতেন। 

তিনি বলেন, “অবশ্যই আমরা নির্বাচন চাই। আমরা ভোটাধিকার চাই, আমরা মানুষের মত প্রকাশ নিশ্চিত করতে চাই।”

এর আগে শহরের তমালতলা থেকে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে গিয়ে শেষ হয়। 

এ সময় আরো উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান।