Published : 19 Jul 2026, 10:56 PM
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যার পর পৌরসভার খরকি এলাকার পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন জানান।
এ ছাড়া উপজেলার ভাষানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাগরজা এলাকায় কালাবদর নদীতে এক শিশু নিখোঁজ হয়েছে বলে কালিগঞ্জ নৌ পুলিশের এসআই মো. মিজানুর রহমান জানান।
নিহতরা শিশুরা হল- খড়কি এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে নাহিয়ান সরদার (৮) এবং একই এলাকার ইউসুফ তালুকদারের ছেলে ইয়াকুব তালুকদার (৮)। দুজনই খড়কি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
আর নিখোঁজ পাঁচ বছর বয়সী মোহাম্মদ আব্দুল্লাহ বাগরজা এলাকার বাসিন্দা আজিজুল গাজীর ছেলে।
নিহত শিশুদের পরিবারের বরাতে মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিনউদ্দিন বলেন, স্কুল ছুটির পর শিশুরা বাড়িতে এসে বই রেখে আবার বের হয়। ঘণ্টাখানেক পর তাদের সন্ধান শুরু করে পরিবার। এলাকার বিভিন্ন স্থানে খুঁজেও পায়নি তাদের।
সন্ধ্যার দিকে স্কুলের পাশে একটি পুকুরের পাড়ে দুজনের স্যান্ডেল পড়ে থাকতে দেখতে পায় পরিবারের লোকজন। তখন পুকুরে তল্লাশি করে দুজনের লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসি।
তিনি বলেন, “ধারণা করা হচ্ছে, দুই শিশু স্কুলের মাঠে খেলার পর হয়ত গোসল করতে পুকুরে নেমেছিল। সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায়।”
অপরদিকে মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ পুলিশের এসআই মো. মিজানুর রহমান বলেন, আজিজুল গাজী ঢাকায় দিনমজুরের কাজ করেন। শনিবার তিনি বাড়িতে আসেন। দুপুরে ছেলে আব্দুল্লাহকে কাঁধে নিয়ে গরু চড়াতে কালাবদর নদীর তীরে যান।
তখন তীর ভেঙে বাবা-ছেলে নদীতে পড়ে যান। এ সময় আজিজুল সাঁতরে পাড়ে উঠতে পারলেও স্রোতের টানে ছেলে ভেসে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে শনিবার বিকাল থেকে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু রোববারও শিশুটিকে উদ্ধার করা যায়নি।