বৈষম্যবিরোধী নেত্রীকে রাস্তায় মারধরের ঘটনার পর নগরকান্দার ওসি প্রত্যাহার
বৈশাখী ইসলাম বর্ষা বলেন, “আমাকে রাস্তায় ফেলে বিএনপির লোকজন মেরেছে।”
ফরিদপুরের নগরকান্দা থানার ওসি মো. সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শামসুল আজম শনিবার সাংবাদিকদের বলেন, “প্রশাসনিক কারণে নগরকান্দা থানার ওসিকে পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। পুলিশ সুপার এ আদেশ দিয়েছেন।”
সফর আলী ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানার ওসি হিসেবে যোগ দেন।
উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বৃষ্টির উপর হামলার ঘটনার একদিনের মাথায় ওসিকে প্রত্যাহারের আদেশ এল।
একজন স্বজনকে উত্ত্যক্ত করার অভিযোগে স্থানীয় বিএনপি কর্মী শরীফ বেপারির (২১) বিরুদ্ধে শুক্রবার বিকালে নগরকান্দা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বৈশাখী ইসলাম বর্ষা। ফেরার পথে ভবুকদিয়া এলাকায় তাকে কিছু বিএনপি কর্মী রাস্তায় আটকে মারধর করে বলে অভিযোগ করেন বৈশাখী। তিনি ঘটনাস্থল থেকে ফেইসবুকে লাইভ করেন।
বৈশাখী ইসলাম বর্ষা (১৮) ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরের মুখ্য সংগঠক শাহ্ মো. আরাফাত বলেন, “বৃষ্টিকে মারধরের খবর পেয়ে ফরিদপুর থেকে আমরা ২০-২৫ মিনিটের মধ্যে হাজির হয়েছি। সেখানে আমরা দুই-তিন ঘণ্টা ছিলাম। হামলাকারীদের সঙ্গে এলাকার মানুষের ধস্তাধস্তি হয়ে যায়, আমাদের উপর হামলা হয়। কিন্তু প্রশাসন আসেনি। আমাদের নিরাপত্তা কোথায়?”
হামলার জন্য বিএনপিকে দায়ী করে বৈশাখী ইসলাম বর্ষা বলেন, “আমাকে রাস্তায় ফেলে বিএনপির লোকজন মেরেছে। মেয়ে বলে আমাকে ইচ্ছামত চুল ধরে লাথি মেরেছে।”
তবে এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন নগরকান্দা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান মোল্লা।
তিনি বলেন, “ওই সমন্বয়ক (বৈশাখী) এবং যে ছেলের সঙ্গে এ ঘটনা- তারা দুই পরিবারই আওয়ামী লীগ ঘরানার। এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।”
