জমির বিরোধে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ও তার বাবা-মাকে মারধর
ওসি বলেন, “শনিবার লিখিত অভিযোগ নিয়ে আসবেন। তা পাবার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জামালপুরে জমি নিয়ে বিরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা ও তার বাবা-মাকে মারধরের অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুরে জামালপুর পৌরসভার কম্পপুর উত্তর পাড়ায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক।
আহত রেদোয়ান খন্দকার মাহিন (১৭) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সংগঠক। মারধর করা হয়েছে মাহিনের বাবা হাফিজুর রহমান (৪২) ও মা মুসলিমা বেগমকেও (৩৫)।
রেদোয়ান খন্দকার মাহিনের অভিযোগ, জামালপুর পৌরসভার কম্পপুর উত্তর পাড়ার গদু ফকিরের ছেলে তার চাচা হেলাল উদ্দিনের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলছে।
এই বিরোধের জেরে শুক্রবার দুপুরে মোবাইলে ডেকে নিয়ে মাহিন ও তার বাবা-মাকে মারধর করা হয়েছে। মাহিনের মাথায় আঘাত করা হয়েছে, তার নাক ফেটে রক্তপাত হয়েছে। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে শুক্রবার রাতে সদর থানার পুলিশকে এ ঘটনা জানান হয়েছে।
ওসি আবু ফয়সাল মো. আতিক বলেন, “শুক্রবার অনেক রাতে বিষয়টি জানতে পেরেছি। শনিবার লিখিত অভিযোগ নিয়ে আসবেন। তা পাবার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
