২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

চার দিন আগে মিম ও মারজিয়া মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2024, 11:43 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

ভোলার তজুমদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার সোনারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধনু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান তজুমদ্দিন থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন।

নিহতদের মধ্যে মিম আক্তার (১২) ও মারজিয়া বেগম (৯) বোরহানউদ্দিন উপজেলার হাকিম উদ্দিন বাজারের পাশে হাসাননগর এলাকার প্রবাসী মো. হোসেনের মেয়ে।

অপর নিহত রাফিয়া আক্তার (১০) ধনু হাওলাদার বাড়ির প্রবাসী মো. মোর্শেদ মিয়ার মেয়ে। তারা সম্পর্কে খালা-ভাগ্নি।

স্বজনরা জানান, চার দিন আগে বোরহানউদ্দিন থেকে মিম ও মারজিয়া মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে মিম, মারজিয়া এবং রাফিয়া বাড়ির পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে খুঁজতে থাকেন স্বজনরা।

খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরঘাটে তিনজনের জামাকাপড় পাওয়া যায়। স্বজনদের সন্দেহ হলে পুকুরে জাল ফেলা হয়। এরপর একে একে তিন শিশুর মৃতদেহ ভেসে ওঠে।

একই বাড়িতে তিন শিশুর মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ এলাকাবাসী। সন্তানদের হারিয়ে পাগলপ্রায় মা। প্রবাস থেকে ভিডিওকলে তিনি শিশুর নিথর দেহ দেখছেন তাদের বাবা। বাকরুদ্ধ নানা-নানি।

এদিকে একই সময় দৌলতখান উপজেলার মিঝি বাজার এলাকায় অটোরিকশার ধাক্কায় মো. জিহাদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবন্ধী বাবার সঙ্গে বাজারে চুল কাটতে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় জিহাদ। স্থানীয়রা তাকে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।