কুড়িগ্রামে হত্যা মামলায় তিন সাংবাদিকসহ ১০৪ আসামি
এছাড়া মামলায় ১০১ জন আওয়ামী লীগ নেতাকর্মীও আসামি হয়েছেন।
কুড়িগ্রামে শিক্ষার্থী আশিক হত্যার ঘটনায় তিন সাংবাদিকসহ ১০৪ জনকে আসামি করে মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম সদর থানায় রুহুল আমিন নামে এক আন্দোলনকারী মামলাটি করেন বলে ওসি নাজমুল আলম জানান।
মামলায় ইনডিপেন্ডেন্ট টেলিভিশন ও দৈনিক কালেরকন্ঠের প্রতিনিধি এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, দৈনিক সংবাদ ও নিউজ২৪ টেলিভিশনের প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি ইউসুফ আলমগীরকে আসামি করা হয়েছে।
এ ছাড়া ১০১ জন আওয়ামী লীগ নেতাকর্মীও আসামি হয়েছেন।
বাদী রহুল আমিন বলেন, “১০৪ জনের বিরুদ্ধে আশিক হত্যার ঘটনায় মামলার অভিযোগ দায়ের করেছি।”
সাংবাদিকদের আসামি করা প্রসঙ্গে তিনি বলেন, “আমি নামাজে যাচ্ছি। আল্লাহ যেভাবে ফয়সালা করবেন, সেভাবেই আমি খুশি।”
এ কথা বলে ফোনকল কেটে দেন তিনি। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে আব্দুল খালেক ফারুক, হুমায়ুন কবির সূর্য ও ইউসুফ আলমগীরকে আসামি করায় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
সুধি সমাজে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া।
তারা মনে করেন, এই হত্যা মামলায় সাংবাদিকদের আসামি করা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিত ও চক্রান্তমূলকভাবে।
টিআইবির অনুপ্রেরণায় গঠিত কুড়িগ্রাম সনাকের সভাপতি আহসান হাবীব নীলু বলেন, “এই তিন মিডিয়াকর্মী সনাকের কুড়িগ্রামের সদস্য। তারা দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সকল বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
“ঘটনার দিন তারাসহ অধিকাংশ সাংবাদিক তৎকালীন সরকারি দলের হুমকি-ধামকি ও রোষানলে পড়েন।”
প্রকৃত সত্যকে আড়াল করতে মিথ্যা মামলায় জড়িয়ে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে বলে তার দাবি।
সাংবাদিক হয়রানি বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তফিজ বলেন, “প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুকসহ বেশ কয়েকজন সাংবাদিক ও ক্যামেরা পার্সন গত ৪ অগাস্ট আন্দোলন চলার সময়ে কুড়িগ্রাম প্রেস ক্লাবে অবরুদ্ধ ছিলেন।
কাজেই হামলার ঘটনার সাথে সাংবাদিকদের সম্পৃক্ততা কল্পনাপ্রসূত।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেএম নাজমুস সাকিব শাহী নামে কুড়িগ্রামের এক সমন্বয়ক বলেন, “আন্দোলনের শুরু থেকে আমরা যারা জড়িত ছিলাম এবং নেতৃত্বে ছিলাম তারা ছোট-বড় সবাইকে চিনি ও জানি। কিন্তু আশিক ভাইয়ের মৃত্যু নিয়ে মামলা দায়ের করা ছাত্র রুহুল আমিনকে ব্যক্তিগতভাবে আমি চিনি না। মামলার আগে তার নামও শুনিনি। ”
তিনি বলেন. “মামলার আসামি করা তিন সাংবাদিকই আমাদের আন্দোলনে সমর্থন দিয়ে আসছিলেন। বিশেষ করে হুমায়ুন কবির সূর্য আংকেলের ছেলে-মেয়ে দুজনই আমাদের সাথে আন্দোলনে ওতোপ্রোতভাবে জড়িত ছিল।”
সুশাসনের জন্য নাগরিকের জেলার সভাপতি খাইরুল আনম মনে করেন, হয়রানি করতেই সাংবাদিকদের এ মামলায় আসামি করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানা ওসি নাজমুল আলম বলেন, আশিক হত্যার ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। সেখানে ১০৪ জন আসামির নাম উল্লেখ রয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। ইতোমধ্যে পুলিশ এজাহারভুক্ত ৭ নম্বর আসামি আব্দুর রহমানকে গ্রেপ্তার করে শুক্রবার কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
