২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার এক তৃতীয়াংশে জলাবদ্ধতা

নদী উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার এক তৃতীয়াংশে জলাবদ্ধতা
নিম্ন চাপের প্রভাবে কয়েক দিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার একটি এলাকা তলিয়ে গেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2025, 08:18 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

নিম্ন চাপের প্রভাবে কয়েক দিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার এক তৃতীয়াংশ পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া জেলা সদরের নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে পৌর এলাকার অন্তত তিন হাজার পরিবার ভোগান্তিতে পড়েছেন।

বুধবার সকাল ৯টা পর্যন্ত এ জেলায় ৩৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের করা হয়েছে। এ ছাড়া নদী উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। 

আরও তিন দিন বৃষ্টির প্রভাব থাকবে বলে জানিয়েছেন সাতক্ষীরার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন।

টানা বৃষ্টিতে সবচেয়ে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে পৌরসভার ৭ ও ৯ নম্বর ওয়ার্ডে। পানিতে আটকে পড়া লোকজন কলা গাছের ভেলা আবার কোথাও ককশিটে শিশু সন্তান ও জিনিসপত্র নিয়ে যাতায়াত করছেন। বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে না পারায় এমন ভোগান্তির শিকার হচ্ছে পৌরবাসী। 

সাতক্ষীরা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল বলেন, পৌরসভার কামালনগর, ইটাগাছা, পলাশপোলের মধুমাল্লারডাঙ্গি, মেহেদীবাগ, রসুলপুর, বদ্দিপুর কলোনি, রইচপুর, মধ্য কাটিয়া, রথখোলা, রাজারবাগান, গদাইবিল, মাঠপাড়া, পার-মাছখোলা ও পুরাতন সাতক্ষীরা এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। 

শহরের কুখরালি এলাকার ইকরামুল হাসান বলেন, প্রভাবশালীরা বিলের মুখ বন্ধ করে মাছের ঘের তৈরি করায় শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। প্রায় প্রতিবছর বর্ষা মৌসুমে এই অবস্থার সৃষ্টি হয়। কিন্তু এই সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছেন না পৌর কর্তৃপক্ষ।

এইচএসসি পরীক্ষার্থী আফসানা মিমি বলেন, জলাবদ্ধতার কারণে সময়মতো পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাচ্ছে না। পরীক্ষার দিন অন্য পোশাক পরে বাড়ি থেকে বের হতে হয়। পথে আবার সেটি পাল্টাতে হয়। বাড়িতে টিউবওয়েল তলিয়ে গেছে, পানি কিনে খেতে হয়। 

“জন্মের পর থেকে এই অবস্থা দেখছি। এই সমস্যা থেকে দ্রুত পরিত্রাণ চাই। এ বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি”, বলেন তিনি।

বদ্দিপুর কলোনির গৃহবধূ শাহানারা বেগম বলেন, “১০ বছর ধরে এমন হচ্ছে কিন্তু কোনো সমাধান নেই। এবার রান্না ঘরে পানি ঢুকে হাঁড়ি-পাতিল নষ্ট হয়েছে। পোকামাকড় ঘরে ঢোকায় রাতে ঘুমাতে পারছি না। সন্তানদের নিয়ে নিরাপদ জায়গায় থাকতে হচ্ছে।”

ইটাগাছা বিলপাড়ার বাসিন্দা নাজমুল হাসান বলেন, “ঘের মালিকরা বিলের পানি আটকে রেখেছে। বাইপাসের স্লুইস গেইট বন্ধ হয়ে যাওয়ায় পানি খাল দিয়ে নদীতে নামতে পারছে না। ফলে সবখানে পানি। পৌর এলাকার বেশিরভাগ পুকুর এখন ডুবে গেছে।

“পুকুর থেকে মাছ যেমন বাইরে চলে যাচ্ছে। তেমন ভরাট হয়ে বাইরের নোংরা পানিতে পুকুরগুলো জলাশয়ে পরিণত হচ্ছে।”

সমাজকর্মী সাজেদুল ইসলাম বলেন, “নদী ও খাল খননে অনিয়ম হয়েছে। পাড় উঁচু করে কৃত্রিম গভীরতা দেখানো হয়েছে, তাই বিলের পানি বের হচ্ছে না। বর্ষা হলেই বিলের পানি জমে গ্রামের ঘর-বাড়িতে ঢুকছে। বর্ষা এলেই এই সমস্যা দেখা দেয়।

পৌর সভার নিম্নাঞ্চলে প্রতি বছর জলাবদ্ধতার বিষয়টি জানা থাকলেও এই সমস্যার স্থায়ী সমাধানে কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

আইনজীবী ফাহিমুল হক কিসলু বলেন, বছরের পর বছর সাতক্ষীরার মানুষ একই দুর্ভোগে পড়ে আছে। পৌর মেয়র ও কাউন্সিলররা শুধু নির্বাচনের সময় আসেন। পরে আর তাদের খোঁজ পাওয়া যায় না।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ৫০ কিলোমিটার খাল ও সেচ নালা সংস্কার করা হয়েছে। স্লুইচ গেইট খুলে দেওয়া এবং প্রাণ সায়ের খালে পানি ফেলার ব্যবস্থা হলে পরিস্থিতির উন্নতি হবে। 

আগামীতে জলাবদ্ধতা নিরসনে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেওয়ার কথাও বলেছেন ইউএনও।