ফেনীতে আওয়ামী লীগ-জাপার নেতাদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা।
ফেনী জেলার তিনটি সংসদীয় আসনের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাবেক তিন সংসদ সদস্যের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ ছাড়া ফেনী জেলা আওয়ামী লীগের কার্যালয় ফের ভাঙচুর করে আগুন দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এসব ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের জিরো পয়েন্ট ট্রাংকরোড থেকে লাঠি হাতে শতাধিক ছাত্র-জনতা মিছিল করে পুরাতন বিমানবন্দর সড়কে অবস্থিত ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়ির সীমানা প্রাচীর ও দেওয়াল ভাঙচুর করে। পরে বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষোব্ধরা।
গেল বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর দিন উত্তেজিত জনতা ওই বাড়িতে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই সময় বাড়ির সব আসবাবপত্র, দরজা-জানালা জনতা লুটপাট করে নিয়ে যায়। তখন থেকে দরজা-জানালা ছাড়া শুধু ইটের দেওয়াল নিয়ে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বর্তমানে বাড়িটি ভুতুড়ে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।
আলাউদ্দিন নাসিমের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা শহরের স্টেশন রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। গত ৫ অগাস্টও কার্যালয়টি ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছিল।
ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা একটি বাড়ি ও একটি কার্যালয়ে আগুনের কথা জানিয়ে বলেন, আন্দোলনকারীরা কর্মসূচি শেষে স্থান ত্যাগ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নানাবাড়ি সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের মিয়া বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
বাড়িটি আমিরাবাদ ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান, সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণদের। হিরণ গত ৫ অগাস্ট থেকে সপরিবারে পলাতক রয়েছেন।
অন্যদিকে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর খন্দকার বাড়ির দোতলা বসতঘর, কাচারি ঘর ও গার্ডরুমে অগ্নিসংযোগ করা হয়েছে।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন তার ফেইসবুকে স্ট্যটাস দিয়ে মাসুদ চৌধুরীর বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জানতে তার ব্যবহৃত নম্বরে ফোন দেওয়া হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
সোনাগাজী মডেল থানায় ওসি মো. বায়েজিদ আকন বলেন, “সাবেক এমপি মাসুদ চৌধুরীর বাড়িতে আগুনের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। আগুন নিজ থেকে নিভে যাওয়ায় দমকল বাহিনীর প্রয়োজন পড়েনি। যুবলীগ নেতা হিরণের বাড়িতে আগুনের কোনো তথ্য পুলিশের জানা নেই।”
