১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবের সড়কে সিলেটের ২ জনের মৃত্যুর খবর

সোমবার দুপুর দুইটার দিকে জেদ্দা বিমানবন্দরের দিকে যাওয়ার পথে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 01:38 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার দুপুর দুইটার দিকে জেদ্দা বিমানবন্দরের দিকে যাওয়ার পথে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

এতে নিহতদের মধ্যে দুইজনের বাড়ি কানাইঘাট উপজেলায় বলে জানিয়েছেন কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম। 

তিনি বলেন, “আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, কানাইঘাটের দুজন প্রবাসী সৌদি আরব থেকে ফেরার পথে ওই দেশে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”

নিহত দুইজন হলেন- আব্দুল করিম ও খালিদ আহমদ। তাদের বাড়ি কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামে। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন সাংবাদিকদের বলেন, “খবরটি অত্যন্ত মর্মান্তিক। দুই প্রবাসীর মৃত্যুর খবর পাওয়ার পর আমি তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে বাড়িতে গিয়েছি। পরিবার দুটির জন্য এটি অপূরণীয় ক্ষতি।”

এর আগে চলতি বছরের জুন মাসে কাতারে এক সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মৃত্যু হয়।

ওসি আমিনুল ইসলাম আরও বলেন, রাষ্ট্রীয় নিয়ম-নীতি মেনে দ্রুত নিহতদের লাশ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে।