৩০০ আসনেই এনসিপির সাংগঠনিক বিস্তার রয়েছে: হাসনাত
বরিশাল শিল্পকলা একাডেমিতে এনসিপির জেলা ও মহানগরের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
৩০০ আসনেই এনসিপির সাংগঠনিক বিস্তার রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, “ফেব্রুয়ারির নির্বাচন যাতে অবাধ ও নিরপেক্ষ হয় তার বড় দায়িত্ব হল রাজনৈতিক দলের। গণতান্ত্রিক উত্তরণের পথ যেন বাধাগ্রস্ত না হয়। সেটা যেন গ্রহণযোগ্য হয়।
“জনগণ যাকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে, সেই বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র পরিচালনা করবে। এ নিয়ে আমাদের ভিন্নমত নেই। ভোটে যেন ওসির প্রভাব ম্যাটার না করে, এসপির প্রভাব ম্যাটার না করে। এখানে গণমাধ্যমে ভূমিকাও গুরুত্বপূর্ণ।”
রোববার বরিশাল শিল্পকলা একাডেমিতে এনসিপির জেলা ও মহানগরের সমন্বয় সভায় যোগদান করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় এনসিপি নেতা বলেন, জুলাই সনদের আদেশ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে জারি করতে হবে।
তিনি বলেছেন, “জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় গণভোটের আদেশ যদি চুপ্পুর (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) কাছ থেকে নিতে হয়, তাহলে এটি হবে বিপ্লবের কফিনে শেষ পেরেক। রাষ্ট্রপতির কাছ থেকে যদি অভ্যুত্থানের স্বীকৃতি নিতে হয় এর থেকে লজ্জার আর কিছুই নেই।
“আমরা আমাদের জায়গা থেকে এ বিষয়ে অনড়। এ বিষয়ে আদেশ জারি করতে হবে। কোনো অধ্যাদেশ, কোনো প্রজ্ঞাপন নয়। সেটি মুহাম্মদ ইউনূস জারি করবেন। যে ম্যান্ডেটের কারণে এ সরকার হয়েছে, সেই ম্যান্ডেটের কারণে তিনি আদেশ দেবেন।”
এনসিপির বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন।
