০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ ও শ্রমিকের মৃত্যু

ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুটি দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 04:33 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর ও বৈলর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে ত্রিশাল থানার এসআই সবুজ আহমেদ জানান। 

নিহতরা হলেন- উপজেলার চরকুমারিয়া এলাকার তামিম মিয়ার স্ত্রী মার্জিয়া খাতুন (২২) এবং ফুলবাড়িয়ার রাধাকানাই গ্রামের শ্রমিক শহিদুল ইসলাম (৩৮)।

পুলিশ জানায়, সকাল পৌনে ১০টার দিকে ত্রিশাল পৌর শহরের দরিরামপুর এলাকায় একটি ভ্যানগাড়ি ইউটার্ন নেওয়ার সময় পিছন থেকে পড়ে যান মার্জিয়া খাতুন। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে বৈলর এলাকায় মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সের চাপায় মারা যান শহিদুল ইসলাম।

এসআই সবুজ আহমেদ বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মার্জিয়া খাতুনের মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। 

শহিদুলের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে এবং দুটি ঘটনাতেই আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।