১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুরের সীমান্তে বিপুল ভারতীয় ওষুধ জব্দ

জব্দকৃত ওষুধের সিজার মূল্য ৫ লাখ ২ হাজার ৪২৫ টাকা।

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 12:54 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত থেকে বিভিন্ন ধরনের বিপুল ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার ভোর পৌনে ৫টার দিকে বিজিবির রামচন্দ্রকুড়া বিওপির একটি টহল দল উপজেলার পানিহাতা এলাকা থেকে এসব ওষুধ জব্দ করে বলে জানিয়েছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ। 

পরে রোববার বেলা ১১টায় বিজিবির দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পানিহাতা এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ পাচারের চেষ্টা করছিল। 

পরে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

পরে সেখান থেকে বিভিন্ন প্রকারের বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধের সিজার মূল্য ৫ লাখ ২ হাজার ৪২৫ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। 

সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।