২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মিছিলে স্লোগান দিতে দিতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শ্রমিক দল নেতা

‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’ স্লোগান দিয়ে তিনি মিছিল নিয়ে এগোচ্ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 09:07 PM

Updated : 27 Sep 2026, 09:07 PM

বরিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলে স্লোগান দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে এক নেতার মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে নগরীর কালীবাড়ি রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে বরিশাল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান।

মৃত আবদুর রাজ্জাক সরদার (৫০) বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন।

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের’ প্রতিবাদে দুপুরের দিকে নগরীর সদর রোডে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

সাইফুল ইসলাম বলেন, “মিছিলের প্রথম সারিতে আমার পাশেই ছিলেন রাজ্জাক। ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’ স্লোগান দিয়ে তিনি মিছিল নিয়ে এগোচ্ছিলেন। মিছিলটি কালীবাড়ি রোড এলাকায় পৌঁছালে রাজ্জাক হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের দৃশ্য আবদুর রাজ্জাক তার নিজস্ব ফেইসবুক আইডিতেও সরাসরি সম্প্রচার করছিলেন। রাতে সদর উপজেলার ঝরঝড়িয়াতলা এলাকায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

রাজ্জাকের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা ও কেন্দ্রীয় শ্রমিক দলের নেতারা।