Published : 16 Sep 2026, 06:09 PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ভবনে আগুন লাগার ঘটনায় আগের তদন্ত কমিটি বাতিল করে নতুন ছয় সদস্যের কমিটি করা হয়েছে।
বুধবার দুপুরে হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় ১১ নম্বর লিফটে আগুন লাগে। আগুনের কারণ জানতে ওই রাতেই পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছিল। পরে সেটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি করা হয়েছে হাসপাতালের মেডিসিন ইউনিটের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে। সদস্যসচিব করা হয়েছে সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খানকে।
কমিটির অন্য সদস্যরা হলেন- হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ময়মনসিংহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়, ডেন্টাল সার্জন খন্দকার মুহাম্মদ আনোয়ার হোসেন এবং ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।
কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, আগের কমিটি নিয়ে বিতর্ক হওয়ায় গণপূর্ত অধিদপ্তরের দুই সদস্যকে বাদ দিয়ে নতুন কমিটি করা হয়েছে।
তিনি বলেন, আগুনের কারণ ও ঘটনায় কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করা হবে। গাফিলতি পাওয়া গেলে দায় চিহ্নিত করার পাশাপাশি প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি।
হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পর দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে রোগী, স্বজন, চিকিৎসক ও কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বিভিন্ন তলা থেকে অনেকে দ্রুত নিচে নামতে শুরু করলে সিঁড়িতে হুড়োহুড়ি হয়।
এ সময় পদদলিত হয়ে হতাহতের খবর আসে। পরে মৃত্যুর সংখ্যা নিয়ে পুলিশ, প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে ভিন্ন তথ্য আসায় ঘটনাটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।