২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা: বগুড়ায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে ১০ পুলিশ সদস্য আহত

আন্দোলকারীরা দুপুর ১টায় ধুনট মোড়ের মহাসড়ক দখলে নিয়ে বিক্ষোভ করতে থাকে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2024, 07:54 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

বগুড়ার শেরপুর উপজেলায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া কিছু সাধারণ শিক্ষার্থীও আহত হয়েছেন।  

বুধবার দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলা শহরের ধুনট তিন রাস্তা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজাসহ ১০ জনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ধুনট মোড়ের অটোরিকশা চালক হাসান বলেন, বেলা ১১টার দিকে ব্যানার নিয়ে শিক্ষার্থীরা শেরপুর শহিদিয়া আলিয়া মাদরাসায় জড়ো হন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।    

একপর্যায়ে আন্দোলকারীরা বেলা ১টায় ধুনট মোড়ের মহাসড়ক দখলে নিয়ে বিক্ষোভ করতে থাকে। তখন পুলিশের লোকজন তাদের কাছে গিয়ে সড়ক ছেড়ে দিতে এবং যানচলাচল স্বাভাবিক করার অনুরোধ জানায়।  

এ নিয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। বিপরীতে ছাত্ররাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। 

একপর্যায়ে আন্দোলনরতরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা চালায়। তখন আতঙ্কে লোকজন এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে এবং দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।  

আহত শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, “বিক্ষোভকারীদের সরে যেতে বললে তারা বাকবিতণ্ডায় জড়ায় এবং একটু পিছনে গিয়ে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।” 

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী বলেন, “আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।”