বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘শাটডাউনের’ মধ্যে নতুন উপাচার্য নিয়োগ
নতুন উপাচার্য নিয়োগের খবরে চলমান আন্দোলন স্থগিত করার কথা বলেছেন শিক্ষকরা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির দাবিতে চলমান ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মামুন অর রশিদ। নতুন উপাচার্য নিয়োগের খবরে আন্দোলন স্থগিত করার কথা বলছেন শিক্ষকরা।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে আগামী চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ধীমান কুমার রায় জানান।
নতুন উপাচার্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেরিন ফিশারিজ অ্যান্ড ওশেনোগ্রাফি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলেন। ২০২৫ সালের ১৩ মে তৎকালীন উপাচার্য শুচিতা শরমিনের সঙ্গে তার নিয়োগ বাতিল করে মন্ত্রণালয়।
প্রায় এক বছর পর এবার তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন উপাচার্য নিয়োগের খবরে শিক্ষকদের আন্দোলন স্থগিত করা হবে বলে জানিয়েছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ধীমান কুমার রায়।
তিনি বলেন, “আমাদের দাবি ছিল উপাচার্যকে সরিয়ে দেওয়া। সে দাবি পূরণ হয়েছে। এখন শিক্ষকরা সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আন্দোলন স্থগিত করে নতুন উপাচার্যের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।”
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে পরপর তিনজন উপাচার্য আন্দোলনের মুখে মন্ত্রণালয় কর্তৃক সরিয়ে দেওয়া হল।
পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে সোমবার থেকে শিক্ষকদের একাংশ উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। তারা প্রশাসনিক ভবনসহ বিভিন্ন দপ্তরে তালা দিয়ে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ রাখেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আন্দোলনের চতুর্থ দিনে সকাল সাড়ে ১০টায় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমের উপস্থিতিতে প্রশাসনিক দপ্তরের তালা ভেঙে দাপ্তরিক কাজ শুরু করেন কর্মকর্তারা। এর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন আসে।
মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নতুন উপাচার্যের মেয়াদ চার বছর বা অবসরগ্রহণ পর্যন্ত বলবৎ থাকবে। তিনি নিয়ম অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদরুজ্জামান ভূঁইয়া ও শুচিতা শরমিনকে সরিয়ে দেওয়া হয়। সর্বশেষ অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমকেও সরিয়ে দেওয়া হল।
আরও পড়ুন:
