৫ অগাস্টের পর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রায় দুই বছর আত্মগোপনে থাকার পর কুমিল্লার তিতাস উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে পালিয়ে যাওয়া একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
প্রায় দুই বছর আত্মগোপনে থাকার পর শনিবার কুমিল্লার তিতাস উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান র্যাব-১১-এর সিপিসি-২-এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
র্যাব জানায়, গ্রেপ্তার মোয়াজ্জেম হোসেন (৩০) ঢাকার মতিঝিল থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছোট কাজরা গ্রামের বাসিন্দা।
২০২৪ সালের ৬ অগাস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি পালিয়ে যান। এর আগের দিন, ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।
মেজর সাদমান ইবনে আলম বলেন, সরকার পতনের এক দিন পর কারাগারে বন্দিদের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা শুরু হয়। একপর্যায়ে তারা দায়িত্বরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে।
এ সময় বন্দিরা লকআপের গেইট ভেঙে ভবনের সিঁড়িতে থাকা লোহার অ্যাঙ্গেল খুলে তা অস্ত্র হিসেবে ব্যবহার করে কারারক্ষীদের ওপর হামলা চালায়।
র্যাব কর্মকর্তা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে ২৫ জন কারারক্ষী গুরুতর আহত হন। ওই সময় মোয়াজ্জেমসহ কয়েকজন বন্দি কারাগার থেকে পালিয়ে যান।
র্যাব জানায়, পালিয়ে যাওয়ার পর মোয়াজ্জেম কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি এলাকায় পরিবারের সঙ্গে আত্মগোপনে ছিলেন। সেখানে তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।
র্যাবের ভাষ্য, ২০১৪-১৫ সালের একটি হত্যা মামলায় ২০১৮ সালে মোয়াজ্জেমকে মৃত্যুদণ্ড দেয় আদালত। কারাগার থেকে পালানোর ঘটনায় গাজীপুরের কোনাবাড়ী থানায় করা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হবে।
র্যাবের দাবি, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হবে।
