২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানের থানচিতে পুড়ে গেছে ৫ ঘর ও ৬ কটেজ

নাফাকুমের আরও উপরে ভেলাকুম এবং অমিয়াখুম জলপ্রপাতে ভ্রমণমুখী পর্যটকরা এই থুইসা পাড়ার কটেজেই অবস্থান করে থাকে।

বান্দরবানের থানচিতে পুড়ে গেছে ৫ ঘর ও ৬ কটেজ
বান্দরবানের থানচির দুর্গম থুইসা পাড়ায় আগুনে পুড়ে গেছে বসত ঘর ও কটেজ।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2024, 07:24 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

বান্দরবানের থানচিতে পর্যটকদের প্রিয় ভেলাকুম ও অমিয়াকুম জলপ্রপাতের কাছের একটি পাড়ায় আগুনে পাঁচটি বসত ঘর ও ছয়টি কটেজ পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। 

শুক্রবার সকালে উপজেলার তিন্দু ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের থুইসা পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন ওই ইউপির চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা। 

তিনি বলেন, থুইসা পাড়ার এক পরিবারের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাঁচটি বসত বাড়ি এবং ছয়টি কটেজ সম্পূর্ণভাবে পুড়ে যায়। 

"এলাকাবাসী ও পার্শ্ববর্তী জিন্নাহ পাড়া বিজিবি ক্যাম্পের সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নেভাতে গিয়ে তিনজন সামান্য আহত হয়েছেন। তাদেরকে বিজিবি ক্যাম্পের মেডিকেল সহকারী কর্তৃক প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।"

আগুনে স্থানীয়দের জমিয়ে রাখা ধান, চাল ও শিক্ষার্থীদের বইপত্র পুড়ে গেছে জানিয়ে ক্ষতিগ্রস্তদের সাধ্যমতো সহায়তা দেওয়া হবে বলে জানান এ জনপ্রতিনিধি।

থানচি উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের অফিস ইনচার্জ মো. ইসমাইল মিয়া জানান, থুইসা পাড়ায় আগুনে বসত ঘর ও কটেজ পুড়ে যাওয়ার খবর পেয়েছি। এলাকাটি খুবই দুর্গম এবং মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে সময়মতো খবর পাওয়া যায়নি।

চেয়ারম্যান ভাগ্যচন্দ্র জানান, পাড়াটিতে যেতে থানচি সদর থেকে ইঞ্জিনচালিত নৌকায় দুই ঘণ্টা যেতে হয় রেমাক্রি বাজার পর্যন্ত। সেখান থেকে আরও দুই ঘণ্টা হাঁটার পথ নাফাকুম জলপ্রপাত। নাফাকুম থেকে আবারও সাড়ে তিন ঘণ্টা হাঁটার পরেই থুইসা পাড়ার অবস্থান।

পাড়াটিতে মোট ৫৫টি পরিবার রয়েছে। তারা মূলত খিয়াং সম্প্রদায়ের। এ পাড়ার কিছুদূর পরেই রয়েছে ভ্রমণপ্রিয় পর্যটকদের প্রিয় জায়গা ভেলাকুম ও অমিয়াকুম জলপ্রপাত।

তিনটি জলপ্রপাতের কারণে দুর্গম পাড়াটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় ও পরিচিত নাম। নাফাকুমের আরও উপরে ভেলাকুম এবং অমিয়াখুম ভ্রমণমুখী পর্যটকরা এই থুইসা পাড়ার কটেজেই অবস্থান করে থাকেন।