২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ‘ল্যাম্পপোস্ট চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

ল্যাম্পপোস্ট করাত দিয়ে কাটার সময় পাশে থাকা বৈদ্যুতিক তারে একজন জড়িয়ে গেলে, তাকে বাঁচাতে অন্যজন এগিয়ে যান বলে ভাষ্য পুলিশের।

ময়মনসিংহে ‘ল্যাম্পপোস্ট চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিহতের স্বজনদের আহাজারি।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 08:27 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

ময়মনসিংহ নগরীতে ‘ল্যাম্পপোস্ট চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরের জিলা স্কুল হোস্টেল মাঠে এ ঘটনা ঘটে বলে জানান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম।

নিহতদের একজন নগরের মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭)। তিনি পেশায় মাছ বিক্রেতা। অপরজনের নাম রাকিব মিয়া। তবে তার পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের দাবি, মাঠে পরিত্যক্ত টিন শেডের পেছনে অকেজো ল্যাম্পপোস্ট চুরির করতে করাত দিয়ে কাটার সময় পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে ঝলসে যান রাকিব। ঘটনাটি দেখতে পেয়ে তাকে বাঁচাতে যান হৃদয়। এক পর্যায়ে হৃদয়ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।

এতে ঘটনাস্থলেই মারা যান রাকিব। আহত হয় হৃদয়। স্থানীয়রা টের পেয়ে দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআই নজরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা মৃতদেহ নেওয়ার জন্য হাসপাতালে ভিড় করছেন।