২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ছিনতাই হওয়া চি‌নির ট্রাক যশোরে উদ্ধার, ৫ জন গ্রেপ্তার

৪০০ বস্তার ম‌ধ্যে ২৩৩ বস্তা চি‌নি পাওয়া গেছে, বাকি বস্তার চিনি বিক্রি করেছে ছিনতাইকারীরা, বলছে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2024, 06:31 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

রাজবাড়ী থেকে ছিনতাই হওয়া চিনির ট্রাকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান রাজবাড়ীর এসপি শামীমা পারভিন।

গ্রেপ্তাররা হলেন- যশোর জেলার কোতোয়ালি থানার কচুয়া গ্রামের শামীম রেজা (৩৪), একই গ্রামের নাজিম খান (৩৮), একই উপজেলার মনসেপুর গ্রামের আলমগীর হোসেন (৩৩), ট্রাকের চালক কেশবপুর উপজেলার মধ্যকুল সরদারপাড়া গ্রামের আবুল বাশার (৩০) ও একই গ্রামের বাবু মিয়া (২৫)।

সংবাদ স‌ম্মেল‌নে এসপি শামীমা পারভিন বলেন, গত শনিবার জননী ফুড প্রোডাক্ট কোম্পানির ৪০০ বস্তা চিনি নিয়ে একটি ট্রাক   সিলেট থেকে রংপুর যাচ্ছিল। রাত ২টার দিকে ট্রাকটি রাজবাড়ী সদরের খানখানাপুর বড় ব্রিজ এলাকায় এলে এর চালক আবুল বাশারের যোগসাজশে প্রাইভেটকারে আসা ছিনতাইকারীরা সড়ক থেকে ট্রাকটি ছিনতাই করে। 

এ সময় ওই কোম্পানির শ্রমিক সরোয়ার হোসেনকে ট্রাক থেকে নামিয়ে প্রাইভেটকারে তুলে হাত-পা বেঁধে ফরিদপুরের কানাইপুর এলাকায় মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়। 

ভোর ৪টার দিকে সারোয়ার হাত-পায়ের বাঁধন খুলে ঘটনাটি তার ভাই মোবারক হোসেনকে জানান। 

মোবারক সঙ্গে সঙ্গে জননী ফুড প্রোডাক্ট কোম্পানির কর্মকর্তা তানজিল ইসলামকে জানান।

এসপি শামীমা পারভিন আরও বলেন, রোববার তানজিল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। 

সোমবার পু‌লিশ যশোর জেলার বিভিন্ন এলাকায় অভিযান  চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। সেইসঙ্গে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৪০০ বস্তার ম‌ধ্যে ২৩৩ বস্তা চি‌নি ও বা‌কি চি‌নির বস্তা বি‌ক্রির ২ লাখ টাকা জব্দ করে। 

মঙ্গলবার দুপু‌রে আসা‌মিদের আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

সংবাদ সম্মেলনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব, সদর থানার ও‌সি মাহমুদুর রহমান ছিলেন।