গ্রিনকন-২৫ হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ‘টেলিশিফা’
“এটি একটি সহায়তা ব্যবস্থা, যেখানে বিপদে পড়া মানুষ সাহায্যের অনুরোধ করতে পারবেন।”
উদ্ভাবনী প্রতিযোগিতা ‘গ্রিনকন-২৫ ন্যাশনাল হ্যাকাথন’-এ চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি প্রকল্প ‘টেলিশিফা’।
‘টেলিশিফা’ মূলত প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম। এর মূল কাজ হল দুর্যোগের সময় দ্রুত এবং সাশ্রয়ী চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই প্রকল্পটি ৪০টি প্রতিযোগী দলের মধ্যে ‘সেরা’ হয়েছে।
এর প্রধান উদ্ভাবক মজুমদার ইয়াছিন আহমেদ বলেন, “এটি একটি সহায়তা ব্যবস্থা, যেখানে বিপদে পড়া মানুষ সাহায্যের অনুরোধ করতে পারবেন। এটা ব্যবহার করতে ইন্টারনেট সংযোগ বা স্মার্টফোনের দরকার হয় না।
“মোবাইল ফোনের সাধারণ ডায়াল কোড বা এসএমএস ব্যবহার করেই মানুষ তাদের বিপদের কথা জানাতে পারবে।”
ঢাকার শেওড়াপাড়ায় গত ৩ ও ৪ জুলাই ‘গ্রিনকন ২৫-ন্যাশনাল হ্যাকাথন’ প্রতিযোগিতায় দেশের ৪০টি উদ্ভাবনী ধারণার মধ্যে টেলিশিফা চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতার আয়োজন করে প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ‘গ্রিনটেক অ্যাপ ফাউন্ডেশন’।
এ প্রতিযোগিতায় বিজয়ী দলকে ৩০ হাজার টাকা পুরস্কারের পাশাপাশি ‘মেডিকেল সলিউশন’ ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা হিসেবে আরও ১০ হাজার টাকা দেওয়া হয়।
টেলিশিফার উদ্ভাবকরা হলেন- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মজুমদার ইয়াছিন আহমেদ, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গণিত বিভাগের তাহোরুজ্জোহা তুহিন এবং যন্ত্রকৌশল বিভাগের মো. রজন আলী।
ইয়াসিন বলেন, তারা প্রাথমিক পর্যায়ে এই প্ল্যাটফর্মটি বন্যার্তদের সাহায্যে ব্যবহার করে দেখতে চান। পরে বিভিন্ন ধরনের জরুরি সহায়তার সুযোগ তৈরি করে নতুন ফিচার যোগ করা হবে।
কোথা থেকে এ উদ্ভাবনের প্রেরণা পেলেন, সেই তথ্য জানিয়ে তিনি বলেন, “২০২৪ সালে কুমিল্লা এলাকায় বন্যার সময় আমার দাদাবাড়ি সম্পূর্ণ পানিতে ডুবে যায়। প্রয়োজনীয় সহায়তা সেখানে পৌঁছাতে প্রায় দুদিন সময় লেগে যায়, যা মানুষের দুর্ভোগের মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছিল।
“বিপদের সময় মানুষ কোথায় আছে, কী অবস্থায় আছে, এই তথ্য জানা না থাকলে সাহায্য পাঠানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই অভিজ্ঞতা থেকেই আমরা এমন একটি সিস্টেম তৈরি করার চিন্তা করি যা ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে।”
উদ্ভাবক তুহিন বলেন “যদি কেউ কোনো দুর্যোগ, বিপদে, সংকটে পড়ে, তাহলে তার কী ধরনের সাহায্য দরকার, তা এই প্ল্যাটফর্মে জানাতে পারবে। প্ল্যাটফর্মে যারা সবচেয়ে বেশি বিপদে আছে বলে দেখা যাবে, তাদের চাহিদার ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন বা অন্য সাহায্যকারী সংস্থাগুলো দ্রুত সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবে।”
তিনি বলেন, “আগে দেখা যেত এক জায়গায় বিভিন্ন সংস্থা একের পর এক ত্রাণ পৌঁছে দিত, কিন্তু যেখানে প্রকৃত সাহায্যের প্রয়োজন, সেই জায়গাগুলো প্রায়ই বাদ পড়ে যেত। টেলিশিফা ব্যবহারের মাধ্যমে এ ধরনের বৈষম্য আর থাকবে না।”
উদ্ভাবক রজন আলী বলেন, “টেলিশিফার কার্যকর বাস্তবায়ন ও ব্যাপক বিস্তারের জন্য প্রয়োজন দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী, স্বাস্থ্যসেবা ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সমন্বিত সহযোগিতা। তাহলে এ প্ল্যাটফর্মটি বাস্তবায়নের মুখ দেখবে।”
