১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে রাতে ট্যাংকের পানি খেয়ে অসুস্থ ৭, ভোরে বাড়িতে ঢোকে চোর

ট্যাংকের পানিতে চেতনানাশক দ্রব্য মেশানো হয়ে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 07:33 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ট্যাংকের পানি খেয়ে এক বাড়ির সাতজন অসুস্থ হয়ে পড়েছেন। পরে ওই বাড়িতে চুরির চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাতে উপজেলার ছিনাই ইউনিয়নের পূর্বদেবত্তর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ।

অসুস্থরা হলেন- ওই গ্রামের অনিল চন্দ্র রায় (৫৫), তার স্ত্রী শান্তনা রানী রায় (৪৫), মেয়ে অর্পিতা রানী রায় (১৫), ছেলে চন্দন কুমার রায় (৩০), চন্দনের স্ত্রী পূজা রানী রায় (২২) এবং প্রতিবেশী মাধব চন্দ্র রায় (৪২) ও তার স্ত্রী শিল্পী রানী রায় (৩২)।

পুলিশ জানায়, সন্ধ্যায় চুরির উদ্দেশে বাড়ির পানির ট্যাংকে চেতনানাশক বা বিষাক্ত কোনো দ্রব্য মেশানো হয়ে থাকতে পারে। রাতে পানি পান ও অন্যান্য কাজে ব্যবহারের কিছুক্ষণের মধ্যেই সাতজন অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তারা অচেতন হয়ে পড়েন।

এর মধ্যে ভোর ৪টার দিকে কয়েকজন বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বিষয়টি টের পান চন্দন কুমার রায়। এ সময় তিনি ডাক-চিৎকার করলে তারা পালিয়ে যায়।

এর মধ্যে চন্দনের ডাক শুনে প্রতিবেশীরা ছুটে এসে অসুস্থ সাতজনকে উদ্ধার করেন। পরে তাদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ওসি মামুনুর রশীদ বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পানির ট্যাংকে কোনো চেতনানাশক বা বিষাক্ত দ্রব্য মেশানো হয়েছিল কি-না, সেটিও নিশ্চিত নয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।