গাজীপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
“আমাদের ঠকানো হচ্ছে। কথায় কথায় এখানে শ্রমিকদের চাকুরিচ্যুত করা হয়।”
হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন ভাতা বৃদ্ধি ও বিনা নোটিশে চাকরিচ্যুত না করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছেন।
মঙ্গলবার সকালে কারখানার ফটকের সামনে গিয়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে কারখানার পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।
পরে শিল্প পুলিশের মধ্যস্থতায় বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান এবং কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুদিন ধরে তেলিরচালা এলাকার ‘পূর্বানী গ্রুপের’ কয়েকটি কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন।
এছাড়া তারা বিনা নোটিশে কোনো শ্রমিককে চাকরিচ্যুত না করার দাবি জানিয়েছেন। তবে কারখানা কর্তৃপক্ষ এসব দাবি বাস্তবায়ন করেনি। এর প্রেক্ষিতে সকাল ৯টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।
আক্তার হোসেন নামের এক শ্রমিক বলেন, “আশপাশের কারখানায় হাজিরা বোনাস বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাদের কারখানায় তা বাস্তবায়ন হয়নি। নানাভাবে আমাদের ঠকানো হচ্ছে। কথায় কথায় এখানে শ্রমিকদের চাকুরিচ্যুত করা হয়।”
গাজীপুর শিল্পাঞ্চলের পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, কারখানার শ্রমিকেরা সকাল ৯টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তবে পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছে।
