Published : 11 Jun 2026, 06:06 PM
ভারত থেকে ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে ‘পুশ ইন’ ঠেকাতে টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি সীমান্তবর্তী বাসিন্দাদের মাঝে সচেতনতা বাড়াতে সতর্কতামূলক মাইকিং করছে বিজিবি।
জেলার বিজয়নগর, আখাউড়ার একাংশ এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় কয়েকদিন ধরে মাইকিং চলছে। এতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছে বিজিবি।
বৃহস্পতিবার বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্তে বিদ্যমান পরিস্থিতিতে বিজিবির টহল কার্যক্রম আগের চেয়ে আরও বেশি জোরদার করা হয়েছে। এর মধ্যে ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। এ বিষয়ে জনসাধারণও বিজিবিকে সহযোগিতা করছে।

তিনি বলেন, ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ ‘পুশ ইন’ প্রতিরোধসহ মাদক ও পণ্য চোরাচালান ঠেকাতে বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কোনও অবস্থাতেই ‘পুশ ইন’ করতে দেওয়া হবে না।
ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। অতীতে এসব সীমান্ত দিয়ে ভারত থেকে ‘পুশ ইনের’ চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।