২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে খুন হওয়ার ৭৩ দিন পর সাগরের লাশ এল গ্রামে

নিখোঁজের আট দিন পর তার খণ্ডিত লাশ একটি পার্কের ভেতর থেকে উদ্ধার করে দেশটির পুলিশ।

বিডিনিউজ২৪

মাদারীপুর প্রতি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2025, 11:01 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

ইতালিতে খুন হওয়ার ৭৩ দিন পর এক প্রবাসীর লাশ তার গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈরে এসেছে।

শুক্রবার বিকাল ৪টার দিকে সাগর বালা নামে ওই প্রবাসীর লাশ বহনকারী গাড়িটি তার বাড়ি রাজৈরের পাখুল্লা এলাকায় এলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। গ্রামে তৈরি হয় শোকের পরিবেশ।

পরিবারের সদস্য ও গ্রামের বাসিন্দারা বলেন, প্রায় আড়াই বছর আগে কৃষক কুমোদ বালার ছেলে সাগর বালা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছায়। সেখানে গত দুই বছর ধরে একটি রেস্তোরাঁয় কাজ করছিলেন তিনি। গত ১৫ সেপ্টেম্বর থেকে তার কোনো হদিস মিলছিল না। 

নিখোঁজের আট দিন পর ২৩ সেপ্টেম্বর সাগর বালার খণ্ডিত লাশ একটি পার্কের ভেতর থেকে উদ্ধার করে ইতালির পুলিশ। লাশটি কালো একটি ব্যাগে লুকানো অবস্থায় পাওয়া যায়।

স্বজনরা বলেন, ইতালির পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকায় রেস্তোরাঁয় কাজ করার সময় সাগরকে কুপিয়ে হত্যা করা হয় বলে তারা জানতে পেরেছেন।

নিহ‌তের মামা সু‌রেশ মন্ডল তার ভা‌গিনার হত‌্যাকা‌ণ্ডে মামলা দা‌য়েরের তথ্য দিয়ে বিচা‌রের জন‌্য বাংলা‌দেশ ও ইতা‌লি সরকা‌রের সহ‌যো‌গিতা কামনা করেন।

সাগরের বাবা কুমোদ বালা বলেন, হত্যাকাণ্ডের ঘটনার প্রয়োজনীয় তথ্যপ্রমাণ, সিসিটিভি ভিডিও সংগ্রহ, বিভিন্ন স্থানে তল্লাশিসহ ইতালির পুলিশ কাজ করে। লাশের পাশ থেকে সাগরের ব্যবহার করা একটি বৈদ্যুতিক বাইসাইকেলও উদ্ধার করে ইতালির পুলিশ।

তিনিও ছেলে হত্যার বিচারের ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা চান।