কিশোরগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০
কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে করিমগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মাইকে ঘোষণা দিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে করিমগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার বিকালে বাড়ি থেকে গাবতলী বাজারের দিকে যাচ্ছিলেন তাজুল ইসলাম (২৫)। এ সময় বিপরীত দিক থেকে মোটর সাইকেলে আসছিলেন মাসুদ মিয়া নামে আরেক যুবক।
মাসুদের চলন্ত মোটরসাইকেল থেকে কাঁদা ছিঁটকে পড়ে তাজুলের উপর। এ সময় তাজুল তাকে ধীরে যেতে বলেন। এতেই ক্ষিপ্ত হয়ে তাজুলকে মারধর করেন মাসুদ। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে দুপুর ১২টায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
