সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী
রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করেন শরীফুল আলম।
ঐতিহ্যবাহী রেশম শিল্পের আধুনিকায়ন এবং রাজশাহী সিল্কের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকারের মাঠপর্যায়ে কাজ শুরুর কথা বলেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।
তিনি বলেছেন, “দেশের রেশম শিল্পের রয়েছে সমৃদ্ধ ঐতিহাসিক পটভূমি। ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজশাহী রেশম বোর্ড প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও এ খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেন। বর্তমান সরকারের নির্দেশনায় শিল্পটিকে আধুনিকীকরণ এবং গবেষণার মাধ্যমে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”
শনিবার দুপুরে রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “দেশে বর্তমানে বছরে প্রায় ৪০০ থেকে ৪৫০ টন রেশমের চাহিদা রয়েছে। তবে এর প্রায় ৯০ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। স্থানীয় কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়া বা পিছিয়ে পড়ার কারণেই এই নির্ভরশীলতা তৈরি হয়েছে।”
এই সংকট মোকাবিলায় পলু চাষ সম্প্রসারণ, তুঁত গাছের উন্নয়ন এবং রেশম সুতার মানোন্নয়নে গবেষণার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।
রেশম শিল্পের মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত কারিগর বা ‘বোসনি’দের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ১১ হাজার ৫০০ জন বোসনি রয়েছেন, যাদের অধিকাংশই বয়স্ক। নতুন প্রজন্মকে প্রশিক্ষণের আওতায় না আনলে এ ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
শরীফুল আলম বলেন, “বন্ধ কারখানাগুলো পুনরায় চালু এবং সিল্ক শিল্পের প্রসারে সরকারি অর্থায়নের পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি চীন ও জাপানের মতো দেশে দেশীয় সিল্ক পণ্যের বাজার সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের পরিকল্পনাও রয়েছে।”
প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিগগিরই সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে; যা রেশম শিল্পকে নতুন করে প্রাণ ফিরিয়ে দেবে।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম। এ সময় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ প্রেজেন্টেশনের মাধ্যমে বোর্ডের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।
এ সময় রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা উপস্থিত ছিলেন।
