২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন

সীমানা নিয়ে বিরোধে ব্যবসায়ী সৈয়দ আলীর উপর ২০১৬ সালের ২৩ মার্চ হামলা হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 04:45 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ব্যবসায়ী সৈয়দ আলী হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার দুপুরে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব কয়েকজন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জালাল উদ্দিন জানান। 

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার দেওপুর (কজলাহাটি) গ্রামের আব্দুল করিমের পাঁচ ছেলে আব্দুর রউফ (৬৯), আজিজুল হক এলাম (৫৪), মো. আলাউদ্দিন ওরফে আলাম মেম্বার (৫৯), কালাম মুন্সি (৬৪) ও আয়তুল হক মালাম (৫২), সাজাপ্রাপ্ত আব্দুর রউফের দুই ছেলে আঙ্গুর মিয়া (৪৫) ও হায়দার আলী (৩৭), সাজাপ্রাপ্ত মো. আলাউদ্দিন ওরফে আলাম মেম্বারের দুই ছেলে রোয়েল (৩৯), রাসেল ওরফে ছোটন (৩৬), আজিজুল হকের ছেলে রেজা মিয়া ওরফে আশিক আহম্মেদ হৃদয় (৩৪), রিয়াদ (৩২), কাইয়ূমের ছেলে জহিরুল ইসলাম কালাম (৪৪) এবং সোহেল (৪১)।

রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে সাতজন উপস্থিত ছিলেন; বাকিরা পলাতক।  

মামলার বরাতে আইনজীবী জানান, আসামিদের সঙ্গে হাজী সুন্দর আলীর ছেলে ব্যবসায়ী সৈয়দ আলীর বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। এর জেরে ২০১৬ সালের ২৩ মার্চ নিয়ামতপুর বাসট্যান্ড বাজারে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে সৈয়দ আলীর উপর হামলা চালায়। 

গুরুতর অবস্থায় তাকে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৯ মার্চ তিনি মারা যান। 

এ ঘটনায় নিহতের বড় বোন পারভীন সুলতানা হত্যা মামলা করেন। তদন্ত কর্মকর্তা এসআই মো. শহর আলী ওই বছরের ২১ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করেন।

আইনজীবী বলেন, বিচারক প্রত্যেক আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছেন।