২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঝুঁকিপূর্ণ’ নয়, তবু নারায়ণগঞ্জে হামের টিকা নিতে ভিড়

“হাম-রুবেলার প্রথম টিকা সবসময় দেওয়া হচ্ছে। কখনো নারায়ণগঞ্জে ঘাটতি ছিল না।”

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2026, 11:53 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় ১৮টি জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলা ও পৌর এলাকায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করছে সরকার। তবে তালিকায় নারায়ণগঞ্জ জেলার কোনো উপজেলার নাম না থাকলেও স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের নিয়ে এসেছেন অভিভাবকরা।

রোববার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হামের টিকা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিভাবকদের।

জেলা সিভিল সার্জন মুশিউর রহমান বলেন, “হামের বিশেষ টিকা কার্যক্রমে নারায়ণগঞ্জ নেই, কারণ এখানে হাম পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে। জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত হাম সন্দেহে আমরা ৩৬টি নমুনা পাঠিয়েছি। তার মধ্যে ১১টি পজেটিভ এসেছে। তাদের মধ্যে অনেকে সুস্থ হয়েছে, আর অনেকের চিকিৎসা চলছে। আগামীতে নারায়ণগঞ্জেও বিশেষ টিকা কার্যক্রম শুরু হবে।”

রূপগঞ্জ উপজেলার দুই শিশু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, তারা হামে আক্রান্ত ছিলেন বলে জানান সিভিল সার্জন।

মুশিউর রহমান বলেন, “এই মুহূর্তে আমাদের হাতে ৭৫ হাজার ডোজ টিকা মজুদ আছে। যারা কোনোদিন হামের টিকা পায়নি, আমরা তাদের খুঁজে খুঁজে টিকা দিচ্ছি। প্রতিটি ওয়ার্ডে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করছে।”

সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সুমা সাহা বলেন, “হাম-রুবেলার প্রথম টিকা সবসময় দেওয়া হচ্ছে। কখনো নারায়ণগঞ্জে ঘাটতি ছিল না। এখনও পর্যায়ক্রমে ৯ ও ১৬ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে। তবে হামের বিশেষ কর্মসূচি এখনও শুরু হয়নি।”

১১ মাসের ছেলে আব্দুল্লাহকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন ফতুল্লার কুতুবপুর এলাকার গার্মেন্টস শ্রমিক মো. বুলবুল।

তিনি বলেন, “কয়েক দিন আগেই আমার ছেলের জ্বর হয়েছিল, শরীরে লাল লাল গোটার মতো কিছু উঠেছিল। তবে এখন কিছুটা সুস্থ আছে। তাই আজ গার্মেন্টসে না গিয়ে বাচ্চাকে নিয়ে এসেছি টিকা দিতে। তবে এসে শুনি, বিশেষ টিকা এখনো নারায়ণগঞ্জে আসেনি।”

টিকা দিতে ঢাকার মাতুয়াইলে যাওয়ার কথা জানান তিনি।

গৃহকর্মী ফাতেমা বেগম বলেন, তার চার বছরের ছেলে রাফসান আহমেদ রাফিকে হামের প্রথম টিকা দেওয়া হয়েছিল, কিন্তু দ্বিতীয়টি দেওয়া হয়নি। বিশেষ টিকাদান কর্মসূচির কথা শুনে এখানে এসেছেন টিকা দেওয়ার জন্য।

রোববার সকাল ৯টা থেকে ৩০ উপজেলায় একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করেন।

৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার নমুনা নিয়ে পরীক্ষাগারে নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ২৭৫। এর মধ্যে ৫ বছরের কম বয়সী শিশু ২২৪ জন, ৫ বছর থেকে ১০ বছরের কম বয়সী ২৩ জন এবং ১০ বছরের বেশি বয়সী ২৮ জন।

তালিকায় বরগুনা পৌরসভা ও সদর, পাবনা পৌরসভা ও সদর, চাঁদপুর পৌরসভা ও সদর, কক্সবাজারের মহেশখালী, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর, পাবনার ঈশ্বরদী, নেত্রকোণার আটপাড়া, ময়মনসিংহ সদর ও ত্রিশাল, রাজশাহীর গোদাগাড়ী, যশোর সদর, নাটোর সদর, মুন্সীগঞ্জের লৌহজং, কক্মবাজারের রামু, চাঁদপুরের হাইমচর, মাদারীপুর সদর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলছিটি, শরীয়তপুরের জাজিরা ও মুন্সীগঞ্জের শ্রীনগরসহ আরও কয়েকটি এলাকা রয়েছে।