Published : 14 Sep 2025, 07:02 PM
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের (কেবি কলেজ) খেলার মাঠের গেইটে তালা দেওয়ায় স্থানীয় কিশোর-তরুণ ও সাবেক শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রোববার বিকাল ৩টার দিকে কলেজের ১ নম্বর গেইটের সামনে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজের এই মাঠে খেলাধুলা করে আসছেন স্থানীয় শিশু-কিশোর ও তরুণরা। কিন্তু সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ মাঠে তালা দেওয়ায় তাদের খেলাধুলার সুযোগ বন্ধ হয়ে গেছে। এতে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ শরীরচর্চা ও বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
বিক্ষোভে অংশ নেওয়া শতাধিক প্রতিবাদকারী অবিলম্বে মাঠ সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান। তারা বলেন, খেলার মাঠ খেলাধুলার জন্য। কর্তৃপক্ষ খেলার পরিবেশ নষ্ট করতে পারে না।
এ ছাড়া, বক্তারা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘বোমা হামলার হুমকির’ গুজব ছড়ানোর অভিযোগের বিষয়ে একটি স্বচ্ছ তদন্ত এবং বিচার দাবি করেন। তারা বলেন, এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলে শিক্ষার্থীদের মধ্যে ভয় ছড়ানো হচ্ছে।
মানববন্ধনে অংশ নেওয়া কলেজের সাবেক শিক্ষার্থী হৃদয় মণ্ডল বলেন, “খেলার মাঠ সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। মাঠটা বন্ধ করে দেওয়ায় আমরা কোথায় খেলব, কোথায় সময় কাটাব? কর্তৃপক্ষকে অনুরোধ করব দ্রুত মাঠ খুলে দেওয়ার জন্য।”
আরেক শিক্ষার্থী রাব্বি হাসান বলেন, “খেলার মাঠ যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমরা মোবাইল আর কম্পিউটারে আসক্ত হয়ে পড়ব। এতে আমাদের মানসিক ও শারীরিক বিকাশে বাধা সৃষ্টি হবে। আমরা চাই, খেলার পরিবেশ নিশ্চিত করা হোক।”
শনিবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কলেজের শহীদ মিনারে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ বোমা মেরে উড়িয়ে দেওয়া ও শিক্ষকদের মারধরের হুমকি এবং বহিরাগত ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের প্রতিবাদে আমরণ অনশন করেন অধ্যক্ষ আতাউর রহমান। তার সঙ্গে অবস্থান করছেন শিক্ষকরাও।