কোটা: টাঙ্গাইলে ৯ দফা দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে।
কোটা সংস্কার আন্দোলকারীদের হত্যার বিচারসহ নয় দফা দাবিতে টাঙ্গাইল শহরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টায় সার্কিট হাউজের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থী হত্যাকারীদের বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।
পরে নয় দফা দাবিতে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর নিকট স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীনসহ আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে সেখান থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে। মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে দুপুর দেড়টার দিকে শেষ হয়।
বিকাল পর্যন্ত শহরে থমথমে অবস্থা ছিল। এ সময় বিজিবি, পুলিশসহ আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের শহরের গুরত্বপূর্ণ এলাকায় সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
