২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থানায় নালিশ: যুবকের পায়ের রগ কাটার অভিযোগ বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে

দেড় বছর আগে লক্ষ্মীপুরের যুবদলের ওই নেতাকে বিভিন্ন অভিযোগে বহিষ্কার করা হয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 11:36 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

লক্ষ্মীপুরে থানায় মারধরের অভিযোগ করায় এক যুবককে পিটিয়ে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে; যাকে দেড় বছর আগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

শুক্রবার দুপুরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পুনিয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান চন্দ্রগঞ্জ থানার এসআই মাহমুদুল করিম।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও রাত ১০টা পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি বলে জানান তিনি।

আহত আরমান হোসেন সুজন (৩১) নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি পুনিয়ানগর গ্রামের চৌধুরী বাড়ির প্রয়াত আবুল হোসেনের ছেলে।

বহিষ্কৃত যুবদল নেতা হুমায়ুন কবির একই গ্রামের ঠাকুর বাড়ির ফজলুল করিমের ছেলে। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ৭ অগাস্ট দত্তপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করে জেলা কমিটি।

পুলিশ জানায়, ১৬ ফেব্রুয়ারি সকালে রাস্তার পাশে গাছের ডাল রাখাকে কেন্দ্র করে হুমায়ুনের সঙ্গে আরমানের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে আরমানকে মারধর করেন হুমায়ুন। বিষয়টি চন্দ্রগঞ্জ থানা বিএনপির নেতাদের জানালে তারা আরমানকে আইনের আশ্রয় নিতে বলেন। 

পরে আরমান চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে হুমায়ুন দ্বিতীয় দফায় তাকে মারধর করেন। এদিন সকালে বিষয়টি পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে জানান আরমান।

আরমানের স্বজনরা জানান, থানায় অভিযোগ এবং মন্ত্রীকে বিষয়টি জানানোয় হুমায়ুন আরও ক্ষিপ্ত হয়। এদিন জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হুমায়ুনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন আরমানের ওপর আবার আক্রমণ করেন।

হামলাকারীরা ইট দিয়ে আরমানের পায়ে আঘাত এবং ছুরি দিয়ে ডান পায়ে কোপায়। এতে তার পায়ের রগ কেটে যায়। তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে নোয়াখালীতে পাঠানো হয়।

এসআই মাহমুদুল করিম বলেন, আরমান ও হুমায়ুনের মধ্যে পূর্ব বিরোধ রয়েছে। তাদের মধ্যে আগেও মারামারির ঘটনা ঘটে। নতুন ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে হুমায়ুনের মোবাইলে কল করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।