৩১৩ কিলোমিটার ‘হেঁটে’ বঙ্গবন্ধুর সমাধিতে মোস্তফা মিয়ার শ্রদ্ধা
বঙ্গবন্ধু হত্যার পর থেকে খুনিদের বিচার না হওয়া পর্যন্ত তিনি জুতা পায়ে হাঁটেননি।
ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া- দীর্ঘ ৩১৩ কিলোমিটার পথ হেঁটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন এক বৃদ্ধ।
বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে খুনিদের বিচার না হওয়া পর্যন্ত জুতা পায়ে হাঁটেননি; এমনকি বিয়ের দিনেও জুতা পায়ে দেননি বলে তার দাবি।
তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার একাত্তর বছর বয়সী মোস্তফা মিয়া।
৮ অগাস্ট বঙ্গবন্ধুর কবর জিয়ারতের লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুর থেকে হেঁটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন তিনি। সঙ্গে ছিলেন তার ছেলে মনিরুজ্জামান।
প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে ছেলেকে নিয়ে হেঁটে ৩১৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এসে পৌঁছেন শুক্রবার দুপুরে। বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদির সামনে দাঁড়িয়ে করেন ফাতেহা পাঠ।
পরে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ এর ১৫ অগাস্টে শহীদদের রূহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন।
মোস্তফা মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, “বঙ্গবন্ধু হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলার মাটিতে আমি জুতা পায়ে হাঁটিনি।”
“পরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে বিচারের রায় ঘোষিত হলে আমি ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য এম শামছুল হকসহ আওয়ামী লীগের প্রবীণ নেতাদের অনুরোধে আবার জুতা পায়ে দেওয়া শুরু করি। বর্তমান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বাবা তৎকালীন এমপি শামছুল হক ময়মনসিংহ থেকে আমার জন্য উপহার হিসেবে জুতা পাঠিয়েছিলেন।”
মোস্তফা মিয়ার ভাষ্য, “আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল জাতির পিতার কবর জিয়ারত করব। কিন্তু এতদিন নানা অসুবিধায় সম্ভব হয়ে ওঠেনি। এখন ছেলেরা সবাই বড় হয়েছে। তাই এবার শোকের মাসে হেঁটে টুঙ্গিপাড়া এসে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেছি। আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে।”
“আমি চাই, বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রক্ষমতায় থাকুক। তিনি দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন। পাশাপাশি বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাচ্ছি। বঙ্গবন্ধুকে ভালোবাসি। ভালোবাসার নিদর্শন হিসেবে এই কাজগুলো করেছি। আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর কাছে কিছুই চাই না।”
সঙ্গে আসা মোস্তফা মিয়ার ছেলে মনিরুজ্জামান বলেন, “আমার বাবা একজন প্রকৃত বঙ্গবন্ধু অনুসারী। বঙ্গবন্ধু তার প্রিয় নেতা। তাই আমার পিতা পায়ে হেঁটে বঙ্গবন্ধুর কবর জিয়ারতের ইচ্ছা পোষণ করেন। আমরা গত ৮ আগস্ট ফুলপুর থেকে পায়ে হেঁটে রওনা হই। ময়মনসিংহ, ঢাকা, মুন্সীগঞ্জ, জাজিরা, মাদারীপুরের কাঁঠালবাড়ি, ফরিদপুরের ভাঙ্গা, সালতা, গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী ও গোপালগঞ্জ সদর উপজেলা অতিক্রম করে শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া এসে পৌঁছাই।”
“পথে পুলিশ ও উপজেলা প্রশাসন আমাদের সব ধরনের সহযোগিতা করে। ফুলপুর থেকে পায়ে হেঁটে টুঙ্গিপাড়া আসতে আমাদের কোনো অসুবিধা হয়নি। বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেছি। এখন আমরা গাড়িতে করে বাড়ি ফিরে যাব।”
শুধু পদ্মাসেতু পায়ে হেঁটে পার হওয়ার সময় সেনা সদস্যরা বাঁধা দেন জানিয়ে মনিরুজ্জামান বলেন, “পরে তারা সব শুনে তাদের গাড়িতে করে বাবা ও আমাকে সেতু পার করে দেন। এটুকুই আমরা গাড়িতে চড়েছি মাত্র। বাকি সব পথ পায়ে হেঁটে এসেছি।”
ময়মনসিংহের ফুলপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান বলেন, “প্রকৃতপক্ষে প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধুকে কীভাবে ভালোবাসতে হয় মোস্তফা মিয়া তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধুর অনুসারী মোস্তফা মিয়ার কাছে আমাদের অনেক কিছু শেখার আছে।”
