২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অটোরিকশার ধাক্কায় কনস্টেবলের মৃত্যু

অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচারের সময় হওয়ায় ছুটি নিয়ে তিনি বাড়ি যাচ্ছিলেন বলে পুলিশ জানায়।

গাজীপুরে অটোরিকশার ধাক্কায় কনস্টেবলের মৃত্যু
রনি শিকদার

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2025, 09:10 PM

Updated : 26 Aug 2026, 12:25 PM

ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বাইক আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সোয়া ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে বলে নাওজোর হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন জানান।

নিহত রনি শিকদার (২৬) টাঙ্গাইল সদর উপজেলার শাজাহানগঞ্জ ছোনাটি এলাকার জামাল শিকদারের ছেলে। 

তিনি গাজীপুর মহানগর পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। 

গাজীপুর সদর জুনের সহকারী উপ কমিশনার দ্বীন-এ-আলম বলেন, “রনি আমার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচারের সময় হওয়ায় ছুটি নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন তিনি। পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।”

হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন জানান, রনি কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছলে একটি সিএনজিচালিত অটোরিকশা তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। 

এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

পুলিশ জানায়, ময়নাতদন্তের পর নিহতের লাশ পরিবারের  কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অটোরিকশটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।