২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মধ্যরাতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, সকালে হাসপাতালে মৃত্যু

ছুরিকাঘাতের পর দুর্বৃত্তরা তার কাছ থেকে টাকা, স্বর্ণের চেইন ও মোবাইল ফোন নিয়ে গেছে।

কুমিল্লায় মধ্যরাতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, সকালে হাসপাতালে মৃত্যু
নিহত আবদুস সাত্তার।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2024, 06:13 PM

Updated : 26 Aug 2026, 10:53 AM

কুমিল্লার বুড়িচং উপজেলায় ছুরিকাঘাতে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান বলে জানান বুড়িচং থানার ওসি আজিজুল হক।

এর আগে শনিবার রাত ১২টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের পীতাম্বর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশে রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায় বলে জানায় পুলিশ।

নিহত আবদুস সাত্তার (৫২) কুমিল্লা আদর্শ সদর উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি বুড়িচংয়ের পীতাম্বরে শ্বশুরবাড়ি এলাকায় বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করতেন। এ ছাড়া তিনি মুদি ব্যবসায়ী ছিলেন।

আবদুস সাত্তারের ছেলে খোরশেদ আলম বলেন, “দোকান থেকে ফিরে রাত পৌনে ১২টার দিকে আবার বাইরে যান বাবা। সকাল সাড়ে ৬টায় খবর পাই রেললাইনের পাশে বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। 

“বাবাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নেওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে বাবা মারা যান।”

তিনি বলেন, “অবস্থা দেখে মনে হচ্ছে, রাতে বাড়ি থেকে বের হওয়ার পর বাবার ওপর হামলা হয়েছে। ছুরিকাঘাতের পর তার সঙ্গে থাকা টাকা, স্বর্ণের চেইন, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমরা এ ঘটনার বিচার চাই।” 

ওসি আজিজুল হক বলেন, নিহতের মাথায়সহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।