২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় লাইটার জাহাজ থেকে ১৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ঘটনায় কাউকে আটকের কোনো তথ্য পাওয়া যায়নি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2024, 11:24 PM

Updated : 26 Aug 2026, 10:57 AM

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে লাইটার জাহাজ থেকে ১৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার রাতে কোস্টগার্ডের চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট তাকিউল আহসান বলেন, গোপন সংবাদে বিকাল সাড়ে ৪টার দিকে চাঁদপুরের মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। 

তখন মুন্সীগঞ্জ থেকে বরিশালগামী একটি লাইটার জাহাজের গতিবিধি সন্দেহজনক মনে হয়। কোস্টগার্ড সংকেত দিয়ে জাহাজটি থামিয়ে তল্লাশি চালিয়ে আনুমানিক ১৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে।   

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

এ ঘটনায় কাউকে আটকের কোনো তথ্য পাওয়া যায়নি।