১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জামালপুর ও চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে একদিনে প্রাণ গেল সাতজনের

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলা এবং চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলার এসব দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ২৪

জামালপুর প্রতিনিধি. চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 12:13 AM

Updated : 11 Sep 2026, 03:56 PM

জামালপুর ও চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে একদিনে সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে স্বামী-স্ত্রী ও মা-ছেলে রয়েছে। 

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলা এবং চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলার এসব দুর্ঘটনা ঘটে। 

জামালগঞ্জের নিহতরা হলেন- দেওয়ানগঞ্জ পৌরসভার পুরাতন রেললাইন এলাকায় আব্দুর রশিদের স্ত্রী লাকী আক্তার (৪০) এবং তাদের ছেলে রাজু আহমেদ (১৪)। 

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার রাতে দেওয়ানগঞ্জ পৌরসভার পুরাতন রেললাইন এলাকায় আব্দুর রশিদের বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। সেটি মেরামত করতে গিয়ে তার ছেলে রাজু আহমেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়।

তাকে বাঁচাতে গিয়ে মা লাকী আক্তার এবং পরবর্তীতে দাদি বুলি বেগমও (৬০) বিদ্যুতায়িত হন। প্রতিবেশীরা হাসপাতালে নেওয়ার পথেই মা ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মেলান্দহ থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, উপজেলার কোনামালঞ্চ আমেনা দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী জুনাইদ আহমদ (১৫) বাইরে খেলতে যায়। এই ফাঁকে মাদ্রাসা ছুটি হয়ে যায়। তখন জুনাইদের বইসহ শ্রেণিকক্ষ তালাবদ্ধ করে চলে যায় মাদ্রাসা কর্তৃপক্ষ। 

পরে জুনাইদ সেই বই নেওয়ার জন্য চালের উপর দিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করার চেষ্টা করে। তখন সেখানে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান মেলান্দহ থানার ওসি। 

রাজবাড়ীর নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামের কৃষক লিটন আলী (৩২), তার স্ত্রী রিনা খাতুন (২৮), সদর উপজেলার আলুকদিয়া গ্রামের ইজিবাইক চালক নাসির উদ্দীন (৪০) এবং দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার শফিকুল ইসলাম বরু (৪৫)।

দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন বলেন, দুপুরে কালিয়াবকরী গ্রামে বৈদ্যুতিক মেশিনে গরুর ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন কৃষক লিটন আলী। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী রিনা খাতুনও বিদ্যুতায়িত হন। প্রতিবেশীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ওসি বলেন, অপরদিকে ভোরে লোকনাথপুর গ্রামের একটি বাড়ির টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরের কাছ থেকে শফিকুল ইসলাম বরুর লাশ উদ্ধার করে পুলিশ। 

“ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর খোলার চেষ্টা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ শফিকুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টির তদন্ত চলছে বলেও জানান ওসি শেখ মেসবাহ উদ্দিন। 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মারুফ রহমান বলেন, দুপুর সাড়ে ১২টায় আলোকদিয়া গ্রামের বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নাসির উদ্দীন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।