হত্যা মামলায় জাবির সাবেক সহকারী প্রক্টর গ্রেপ্তার
নৈতিক স্খলন ও অসদাচরণের অভিযোগে গত বছরের ফেব্রুয়ারিতে রনিকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়।
ঢাকার সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাবেক সহকারী প্রক্টর মাহমুদুর রহমান রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার রাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাহমুদুর রহমান রনি (৩৬) কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি পাবলিক হেলথ ও ইনফরমেটিক্স বিভাগের শিক্ষক ছিলেন। নৈতিক স্খলন ও অসদাচরণের অভিযোগে গত বছরের ফেব্রুয়ারিতে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়।
ওসি জুয়েল মিঞা বলেন, মাহমুদুর দীর্ঘ দিন আত্মগোপনে ছিলেন। তাকে ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
