২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ‘বিদ্যুৎস্পৃষ্টে’ মা-মেয়ের মৃত্যু

পরিবারের সদস্যদের ধারণা, পাম্পের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে, বলছে ফতুল্লা থানা পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 10:58 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে’ মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় ফতুল্লার শেহারচর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম।

নিহতরা হলেন- ওই এলাকার আমির আলীর স্ত্রী রোকসানা পারভীন (৫০) ও তাদের কন্যা লামিয়া আক্তার (২৪)।

লামিয়া নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছে তার পরিবারের লোকজন।

ফতুল্লা থানার এসআই কাজী আবুল বাসার বলেন, “নিচু এলাকা হওয়ায় বৃষ্টি হলে আমির আলীর বাড়িতে পানি জমে যায়। সেই পানি সরানোর জন্য একটি বৈদ্যুতিক পাম্প স্থাপন করা হয়েছে।

“সন্ধ্যায় আমির আলী ফিরে দেখেন, অজ্ঞান অবস্থায় তার স্ত্রী ও মেয়ে বাড়ির পেছনে পড়ে আছেন। সেখান থেকে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের ধারণা, পাম্পের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে।” 

ওসি শরিফুল বলেন, “নিহতদের পরিবারের লোকজন হাসপাতালে আছেন। তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”