ময়মনসিংহে ৫০০ টাকার জন্য বৃদ্ধাকে মাথা থেঁতলে খুন, যুবকের জবানবন্দি
রনি মাঝেমধ্যে তার ‘প্রেমিকাকে’ নিয়ে বৃদ্ধার বাড়িতে থাকার জন্য ৫০০ টাকা করে ভাড়া দিতেন।
ময়মনসিংহের সদর উপজেলায় এক বৃদ্ধাকে মাথা থেঁতলে হত্যার ঘটনায় মো. রনি মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তার ‘প্রেমিকাকে’ নিয়ে ওই বৃদ্ধার বাড়িতে থাকার জন্য ৫০০ টাকা করে ভাড়া দিতেন।
ভাড়া নিয়ে বিরোধের জেরে ওই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
রোববার দুপুরে জেলা পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৮ জানুয়ারি নূরজাহানকে হত্যা করা হয়। ঘটনার পর তার লাশ বাড়ির পাশে খড়ের নিচে লুকিয়ে রাখা হয়। দুদিন পর স্বজনরা লাশ উদ্ধার করেন।
নিহত নূরজাহান (৬০) সদর উপজেলার মীরকান্দাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বাড়িতে একাই বসবাস করতেন। গ্রেপ্তার রনি মিয়াও (২৬) একই এলাকার বাসিন্দা এবং পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি।
পিবিআই জানায়, রনি মাঝেমধ্যে তার ‘প্রেমিকাকে’ নিয়ে নূরজাহানের বাড়িতে থাকতেন এবং বিনিময়ে ৫০০ টাকা করে ভাড়া দিতেন। তবে সর্বশেষ তিনি ভাড়া না দিয়ে চলে যান। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঘটনার রাতে রনি মিয়া ওই বাড়িতে থাকতে চান। এ সময় আগের ভাড়া পরিশোধ নিয়ে নূরজাহানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
পরে নূরজাহান আগের টাকা পরিশোধ করতে বললে এবং ‘প্রেমিকা’ নিয়ে আসার বিষয়টি প্রকাশ করে দেওয়ার হুমকি দিলে রনি ক্ষিপ্ত হন। একপর্যায়ে তিনি ঘরে থাকা একটি শিল দিয়ে নূরজাহানের মাথায় আঘাত করে তাকে হত্যা করেন বলে পিবিআইয়ের ভাষ্য।
পরে লাশ খড়ের নিচে লুকিয়ে রেখে তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান রনি। ঘটনার দুদিন পর ৩০ জানুয়ারি রাতে স্বজনরা বাড়ির পাশে খড়ের নিচ থেকে লাশ উদ্ধার করেন।
এ ঘটনায় নিহতের মেয়ে নুরুন নাহার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরে পিবিআই মামলাটির তদন্তভার গ্রহণ করে।
তদন্তকারী কর্মকর্তা অমিতাভ দাসের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ভোরে শম্ভুগঞ্জ এলাকা থেকে রনি মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে নিহতের ব্যবহৃত ফোনটি উদ্ধার করা হয়।
পরে শনিবার বিকালে আদালতে পাঠানো হলে রনি মিয়া ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
