২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ‘আরসা-আরএসও’র গোলাগুলি, নিহত ১

ঘটনাস্থল থেকে একজনকে মৃত এবং দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ‘আরসা-আরএসও’র গোলাগুলি, নিহত ১
ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2024, 12:51 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন 'আরসা ও আরএসও'র মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।   

সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার পালংখালি ইউনিয়নের হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপপুলিশ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর জানান।

নিহত ৩০ বছর বয়সী মো. সলিম ওই ক্যাম্পের ই-৩ ব্লকের মো. মকবুলের ছেলে।

এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তারা হলেন- একই ক্যাম্পের মো. আলমের ছেলে মো. ইউনুস এবং আরিফ উল্লাহর ছেলে সবি উল্লাহ। হতাহতরা রোহিঙ্গা ক্যাম্পের নৈশ প্রহরী ছিলেন।

স্থানীয়দের বরাতে মো. আমির বলেন, মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা ও আরএসও’র মধ্যে গোলাগুলির খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

“পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ঘটনাস্থল থেকে একজনকে মৃত এবং দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।” 

আহতদের উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী দলের মধ্যে সংঘর্ষে এ খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এতে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।