ছাত্র আন্দোলনে হামলা: গাইবান্ধায় শেখ হাসিনা বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
মামলায় গাইবান্ধার পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করা হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গাইবান্ধা সদরে ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলির অভিযোগ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে।
এ ছাড়া মামলায় গাইবান্ধার তৎকালীন পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া গ্রামের দিল মোহাম্মদের ছেলে ওয়াহেদুর রহমান বাদী হয়ে গাইবান্ধা আমলী আদালতে মামলার আবেদন করেন।
পরে বিচারক মো. আব্দুল মতিন মামলাটি আমলে নিয়ে গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী রেজওয়ানুল হক।
আসামিরা হলেন- গাইবান্ধার তৎকালীন পুলিশ সুপার মো. কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, সদর থানার ওসি মাসুদ রানা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল, জেলা যুবলীগ সভাপতি সরদার সাঈদ হাসান লোটন, সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজিব, জেলা ছাত্রলীগ সভাপতি আসিফ সরকার এবং সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন।
আইনজীবী রেজওয়ানুল হক জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৪ অগাস্ট ছাত্র-জনতার একটি মিছিল গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের সামনের সড়ক দিয়ে সার্কিট হাউজের দিকে যাচ্ছিল। মিছিলটি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পৌঁছালে হঠাৎ গুলির ঘটনা ঘটে।
“এতে ওহেদুর রহমানসহ অনেক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হন। এর মধ্যে ওহেদুর রহমানের শরীরে নয়টি বুলেট বিদ্ধ হয়। পরে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
“এক পর্যায়ে পাঁচ থেকে ১০ নম্বর আসামির নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি হাসপাতালে হামলা চালায়। পরে সেখান থেকে ওহেদুর চিকিৎসা অসম্পূর্ণ রেখে চলে যেতে বাধ্য হন। পরে তিনি অন্য হাসপাতালে গুলি অপসারণ ও চিকিৎসা নেন।”
শারীরিকভাবে সুস্থ হতে সময় লাগায় মামলা করতে কিছুটা দেরি হয়েছে বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন।
