২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমিকার জন্মদিনে গিয়ে ‘চোর’ অপবাদ-নির্যাতন, শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী আশ্রয়ণ কেন্দ্রের ঘর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 08:33 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘চোর’ অপবাদ ও শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করা এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী আশ্রয়ণ কেন্দ্রের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোল্লা আফজাল হোসেন।লাশ উদ্ধার হওয়া শুভ বৈরাগী বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বৌলতলী গ্রামের প্রয়াত সুখলাল বৈরাগী ও শেফালী বৈরাগীর ছেলে। 

শৈশবেই বাবা-মাকে হারানো শুভ তার বোন-ভগ্নিপতি ও মামাবাড়িতে বেড়ে উঠে। তিন বছর আগে বৌলতলী আশ্রয়ণ প্রকল্পে শুভ একটি ঘর বরাদ্দ পায়। বিশ্ববিদ্যালয় থেকে মাঝে-মধ্যে গ্রামে আসলে তিনি মামা বাড়ি বা আশ্রয়ণ কেন্দ্রের ওই ঘরে থাকতেন। 

এর আগে ১ জানুয়ারি বেলা সাড়ে ১২টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি প্রেমিকার পরিবারের নির্যাতন ও সামাজিক অপমানের অভিযোগ করে ‘আত্মহন‌নের’ পথ বে‌ছে নিতে যাচ্ছেন বলে জানান। 

তার পোস্ট থেকে জানা যায়, কোটালীপাড়া উপজেলার কাফুলাবাড়ি গ্রামের এক তরুণীর সঙ্গে শুভর ২ বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। তরুণীর জন্মদিন উপলক্ষে সরাসরি শুভেচ্ছা জানাতে গত ৩১ ডিসেম্বর রাতে তাদের বাড়িতে যান শুভ। সেখানে তরুণীর পরিবারের সদস্যরা তাকে আটকে ব্যাপক মারধর ও রক্তাক্ত করে।

শুভর অভিযোগ অনুযায়ী, সম্পর্কের কথা স্বীকার করার পরেও তরুণীর জ্যাঠা ও পরিবারের সদস্যরা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক একটি 'মিথ্যা ভিডিও' ধারণ করে। সেখানে তাকে দিয়ে স্বীকার করানো হয় যে, তিনি ওই বাড়িতে 'চুরি' করতে গিয়েছিলেন। পরবর্তীতে এই চুরির অপবাদ শুভর এলাকায় ছড়িয়ে দিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়।

ফেসবুক পোস্ট শুভ লিখেন, “তারা সত্যকে আড়াল করে আমাকে মিথ্যা চোর অপবাদ দিয়ে সকলের কাছে দোষী করেছে। এতে আমার মানসম্মান নষ্ট হয়েছে। আমি কারো সামনে মুখ দেখাতে পারবো না। তারা আমাকে জানে মারার চেয়েও বেশি মেরে ফেলেছে।”

আর্থিক স্বচ্ছলতা না থাকায় প্রেমিকার পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, “টাকা আজ নেই কিন্তু কাল হতে পারতো, কিন্তু এই অপমানের পর বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়।”

মৃত্যুর জন্য তিনি প্রেমিকা, তার বাবা, কাকা ও জ্যাঠুকে সরাসরি দায়ী করে তাদের সর্ব্বোচ্চ শাস্তির দাবিও করেছেন। 

আশ্রয়ণ কেন্দ্রের প্রতিবেশি অনিল বিশ্বাস বলেন, “৩১ ডিসেম্বর সন্ধ্যার পর শুভ আমার বাইসাইকেল নিয়ে কাফুলা বাড়ির দিকে যেতে চায়। আমি বলি রাতে সাইকেল চালিয়ে গেল দুর্ঘটনা ঘটতে পারে। সে বলে দুর্ঘটনা ঘটবে না। এই বলে আমার সাইকেল নিয়ে চলে যায়।” 

পরদিন সকাল ৮টা পর্যন্ত শুভ ফেরেনি জানিয়ে তিনি বলেন, “পরে জমিতে কাজ করতে যাই। বিকাল ৪টার দিকে এসে দেখি শুভ বারান্দায় সাইকেলে তালা দিয়ে রেখেছে। চাবি জানালা দিয়ে আমার ঘরে ছুড়ে ফেলে রেখেছে।

“সে এরকম মাঝে মাঝে আসত, আবার চলে যেত। আমি মনে করেছি, সে বরিশাল চলে গেছে। আজ তার মরদেহ উদ্ধার হয়েছে।”

বৌলতলী পুলিশ ইনচার্জ মোল্লা আফজাল হোসেন বলেন, “আলামত দেখে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ১-২ দিন আগে এ ঘটনা ঘটেছে, শীতের কারণে মরদেহে পচন ধরেনি। তবে মরদেহ শক্ত হয়ে গেছে।”

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এদিকে শুভর অকাল প্রয়াণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।