কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৪
যাত্রী নিয়ে উলিপুর বাজারের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়।
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইক চালকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন ইজিবাইকের চার যাত্রী।
শনিবার বেলা ১২টার দিকে উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চিলমারী-কুড়িগ্রাম সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক।
নিহত ইজিবাইক চালকের নাম নুর আমিন (৪০)। আহতরা হলেন- রুহুল আমিন, শিউলি বেগম, তকি আহম্মেদ এবং নারু বর্মণ। তাদের মধ্যে শিউলী বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যাত্রীবাহী একটি ইজিবাইক উলিপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নুর আমিন মারা যান।
আহতদের উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
