২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে জাপা মহাসচিবের বিরুদ্ধে সহিংসতার মামলা

মামলায় মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান সমন্বয়ক সানাউল হককেও আসামি করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 08:13 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় মদদ ও নির্দেশের অভিযোগে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে মামলা হয়েছে।

উপজেলার কাদিরজঙ্গ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওমর কাইয়ুমের করা বৃহস্পতিবারের এই মামলায় মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান সমন্বয়ক সানাউল হককেও আসামি করা হয়েছে। 

করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, মামলায় ৮৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ২৭০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ৪ অগাস্ট উপজেলা সদর বাজারের মোরগমহালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। এতে সাবেক সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু ও সানাউল হক মদদ ও নির্দেশ দিয়েছেন। 

হামলাকারীরা আন্দোলনকারীদের বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। অনেকেই গুরুতর আহত হয়। পরে আসামিরা উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলে মামলায় বলা হয়েছে।