পদ্মায় নৌকাডুবি: দুই দিন পর বাবা-ছেলের লাশ উদ্ধার
কুষ্টিয়া থেকে বাবার এবং রাজশাহীর পবা উপজেলার নদী থেকে ছেলের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজের দুই দিন পর বাবা ও ছেলের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া থেকে বাবার এবং দুপুরে রাজশাহীর পবা উপজেলার নদী থেকে ছেলের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রাজশাহী অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
নিহতরা হলেন- কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর এলাকার বাসিন্দা ও নৌকার মাঝি কাওসার আলী (৬০) এবং তার ছেলে জিয়ারুল হক (০৩)।
পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, মঙ্গলবার নৌকাডুবির পর থেকেই নিখোঁজ দুজনকে উদ্ধারে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে অভিযান চালিয়ে আসছে। তবে পদ্মার তীব্র স্রোতের কারণে লাশ দুর্ঘটনাস্থল থেকে অনেক দূরে ভেসে যায়।
তিনি বলেন, সকাল ৮টার দিকে কুষ্টিয়ার বাংলাবাজার পাকশী সেতু-সংলগ্ন পদ্মা নদীতে কাওসার আলীর ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নৌ-পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
একইদিন বেলা ১টার দিকে পবা উপজেলার সাতবাড়িয়া চর এলাকা থেকে জিয়ারুল হকের লাশ উদ্ধার করা হয় বলে জানান বিল্লাল হোসেন।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান নৌ পুলিশের এই কর্মকর্তা।
মঙ্গলবার দুপুরে চর মাজারদিয়া এলাকা থেকে আটজন যাত্রী ও ঝাউগাছ বোঝাই করে একটি ইঞ্জিনচালিত নৌকা লালন শাহ মুক্তমঞ্চের উদ্দেশে রওনা দেয়। মাঝনদীতে পৌঁছালে প্রবল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ছয় যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝি কাওসার আলী ও তার ছেলে নদীতে তলিয়ে যান।
