Published : 21 Dec 2025, 08:03 PM
চাঁদপুর-কুমিল্লার মধ্যে চলাচলকারী ‘আইদি পরিবহনের’ বাস কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে যাত্রী পরিবহনে বাধা দেওয়ার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন করেছেন মালিক-শ্রমিকরা।
রোববার বিকাল ৩টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা বাস, মিনি বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন চাঁদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু।
তিনি বলেন, প্রায় ৩৫ বছর কুমিল্লা জেলার বোগদাদ পরিবহন কুমিল্লা-চাঁদপুর রুটে যাত্রী সেবা দিয়ে আসছে। এতে আমাদের পক্ষ থেকে কখনো কোনো আপত্তি তোলা হয়নি। কিন্তু তারা আমাদের চাঁদপুরের আইদি পরিবহন শুরু হওয়ার পর থেকেই বিরোধিতা করে আসছে।
“আইদি পরিবহন প্রথমে চাঁদপুর সীমানায় চলাচল করে। এরপর কুমিল্লা বিশ্বরোড পর্যন্ত। কিন্তু এরপর আর কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে যেতে পারছে না। সেখানে বোগদাদ পরিবহনের মালিকদের একটি গ্রুপ বারবার প্রতিবন্ধকতা তৈরি করেছে।”
তিনি আরো বলেন, “আইদি পরিবহন চলাচল করার জন্য যাতে কুমিল্লা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনাপত্তিপত্র রুট পারমিট প্রদান করে, এই জন্য আমরা মানববন্ধন কর্মসূচি পালন করেছি এবং চাঁদপুরের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছি।”
তিনি হুশিয়ারি দিয়ে বলেন, “এরপর এই বিষয়ে প্রশাসনিক পর্যায়ে সমাধান না হলে বোগদাদ পরিবহন কুমিল্লার মধ্যে এবং আইদি পরিবহন চাঁদপুরের সীমানায় চলবে। কোনভাবেই বোগদাদ পরিবহন চাঁদপুরে প্রবেশ করতে দেওয়া হবে না।”
আইদি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন বলেন, “বোগদাদ পরিবহনের পক্ষ থেকে তারা আইদি পরিবহনের বিরুদ্ধে উচ্চ আদালত ও সুপ্রিম কোর্ট রিট করেছিল। তবে এসব রিট শুনানির পর রায় আইদি পরিবহনের পক্ষেই এসেছে।”
মানববন্ধনে আরও বক্তব্য দেন বাস মালিক সমিতির সাবেক সদস্য দুলাল মিজি, শহরের বাসিন্দা মো. মাহবুব আলম সরকার, আইদি পরিবহন মালিক পক্ষের প্রতিনিধি মো. মাসুদুর রহমান, শ্রমিকদের পক্ষে নারগিস খান।
এ সময় চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি সহ বাস মালিক, মিনি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতা এবং বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে বাস মালিক সমিতির নেতারা ও আইদি পরিবহন কর্তৃপক্ষ।
এর আগে আইদি পরিবহন চলাচল বন্ধের দাবি জানিয়ে বৃহস্পতিবার সকাল থেকে কুমিল্লার জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল, শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনালে অবরোধ দিয়েছিলেন কুমিল্লার পরিবহন মালিক-শ্রমিকরা।
দিনভর অবরোধের পর বিকালে জেলা প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছিলেন আন্দোলনকারীরা।
আগের সংবাদ