Published : 18 Dec 2025, 03:50 PM
কুমিল্লায় পরিবহন মালিক শ্রমিকদের ডাকা অবরোধে জেলার তিনটি টার্মিনাল থেকে দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
অবরোধের কারণে বৃহস্পতিবার সকাল থেকে কুমিল্লার জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল, শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি বলে জানিয়েছেন কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহম্মেদ।
পরিবহন মালিক-শ্রমিকদের অভিযোগ, কুমিল্লা-চাঁদপুর রুটে আইদি পরিবহন নামে একটি সার্ভিস দীর্ঘদিন যাবত কোনো রুট পারমিট ছাড়াই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার থেকে চলাচল করছিল।
তবে মঙ্গলবার এই সার্ভিসের কয়েকটি বাস জাঙ্গালিয়া টার্মিনালে অবৈধভাবে এনে এখান থেকে সার্ভিস শুরু করে। এর প্রতিবাদ জানায় কুমিল্লা জেলা বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
পরে বুধবার অবৈধ সার্ভিস বন্ধের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে একটি স্মারকলিপি দেয় তারা। এতেও এই আইদি পরিবহনের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেয়ায় নগরীর কেন্দ্রীয় তিনটি বাস টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচলে অবরোধ ঘোষণা করে তারা।
অধ্যক্ষ কবির আহম্মেদ বলেন, “আইদি পরিবহনের জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে চলাচলের রুট পারমিট নেই। তারা চাঁদপুর জেলা প্রশাসকের বরাবর রুট পারমিটের জন্য আবেদন করে রেখেছে।
“এছাড়া কুমিল্লা জেলার সবগুলো বাসস্ট্যান্ডে এর মধ্যেই অতিরিক্ত সার্ভিস চালু থাকায় নতুন কোনো সার্ভিস সংযোজনের সুযোগ নেই। সুতরাং তারা সম্পূর্ণ অবৈধভাবেই চলাচল করছে।”
তিনি আরও বলেন, “তারা কোন শক্তিতে বা কিভাবে চলছে সেটি খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বারবার প্রশাসনকে জানিয়েছি। আমাদের দাবি না মানায় আমরা অবরোধের দিকে যেতে বাধ্য হয়েছি।”
অবরোধের সমর্থনে বৃহস্পতিবার সকালে পরিবহন মালিক শ্রমিকরা এক বিক্ষোভ মিছিল করে জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। এ সময় তারা অবৈধ সার্ভিস বন্ধের দাবিতে স্লোগান দেয়।

তবে আইদি পরিবহনের পক্ষে শ্রমিক নেতা জহির হোসেন সাংবাদিকদের বলেন, “রুট পারমিট আছে কি নাই তা প্রশাসন দেখবে। একটি পরিবহনকে যাচাই-বাছাই করলে সবগুলোকেই যাচাই বাছাই করতে হবে।”
এদিকে বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন জেলার এসব টার্মিনাল থেকে যাতায়াত করা যাত্রীরা।
খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, “শুক্রবার সকাল দশটায় খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। আমরা আজ (বৃহস্পতিবার) সকালে কুমিল্লা থেকে যাত্রা শুরু করার কথা ভেবেছিলাম, কিন্তু সকল বাস বন্ধ থাকায় দুপুর পর্যন্ত যেতে পারেনি। ঠিক সময়ে খুলনা গিয়ে পৌঁছাতে পারব কিনা তাও জানি না।”
একই গন্তব্যের যাত্রী ইমতিয়াজ মাসুম বলেন, “আমরা খুলনা যাওয়ার জন্য অপেক্ষা করছি। বাস ছাড়বে কি ছাড়বে না জানি না। দ্বিধা-দ্বন্দ্বে আছি। তাদের নিজেদের দ্বন্দ্বে যাত্রীদের জিম্মি করে এ ধরনের অবরোধ আসলেই মেনে নেওয়া যায় না।”
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “আইডি পরিবহনের রুট পারমিট নিয়ে পক্ষে-বিপক্ষে রিটও হয়েছে। আগামী সপ্তাহে এই বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে। যেহেতু আইডি পরিবহন চাঁদপুরে রুট পারমিট পেয়েছে সুতরাং কুমিল্লা থেকে তারা শুধু অনাপত্তি পত্র পাবে।”
তিনি আরও বলেন, “কিন্তু একটি পরিবহনের জন্য কুমিল্লা সব যাত্রীরা কষ্ট পাবে তা হতে পারে না। তাই আমরা অবরোধের পক্ষে এবং বিপক্ষে উভয় পক্ষকেই সহনীয় হবার জন্য অনুরোধ করেছি এবং তারা আলোচনায় বসেছে বলে শুনেছি।”