Published : 18 Dec 2025, 07:45 PM
কুমিল্লায় নগরীর তিনটি বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের ডাকে দিনভর অবরোধের পর জেলা প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার বিকালে অবরোধ স্থগিত করার পর বাস চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহম্মেদ।
তিনি বলেন, “জেলা প্রশাসন আশ্বাস দিয়েছে রুট পারমিট ছাড়া সার্ভিসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই আশ্বাসে আমরা কর্মসূচি স্থগিত করেছি।”
এর আগে সকাল থেকে নগরীর জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনালে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা এই অবরোধে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার প্রায় ৪০টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন হাজারও যাত্রী।
পরিবহন মালিক-শ্রমিকদের অভিযোগ, কুমিল্লা-চাঁদপুর রুটে ‘আইদি পরিবহন’ নামে একটি সার্ভিস দীর্ঘদিন যাবত কোনো রুট পারমিট ছাড়াই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার থেকে চলাচল করছিল।
তবে মঙ্গলবার এই সার্ভিসের কয়েকটি বাস জাঙ্গালিয়া টার্মিনাল থেকে অবৈধভাবে সার্ভিস শুরু করে। এর প্রতিবাদ জানায় কুমিল্লা জেলা বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
পরে বুধবার আইদি পরিবহনের সার্ভিস বন্ধের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে একটি স্মারকলিপি দেয় তারা। তবুও প্রশাসন এই আইদি পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় নগরীর কেন্দ্রীয় তিনটি বাস টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচলে অবরোধ ঘোষণা করে তারা।
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, একটি পরিবহনের জন্য কুমিল্লা সব যাত্রীরা কষ্ট পাবে তা হতে পারে না। তাই আমরা অবরোধের পক্ষে এবং বিপক্ষে উভয়পক্ষকেই সহনীয় হবার জন্য অনুরোধ করেছি।
আগের সংবাদ